বেসরকারি হাসপাতালের স্টাফ নার্সের মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ
প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের শরণখোলা উপজেলার একটি বেসরকারি গ্রামীণ হাসপাতাল থেকে রিক্তা হাসিনা খানম (৩৪) নামে এক স্টাফ নার্সের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ জুলাই) ভোরে রায়েন্দা পাঁচরাস্তা মোড় এলাকায় অবস্থিত হাসপাতাল থেকে তাকে উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
থানায় দায়ের করা লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, রিক্তা হাসিনা দীর্ঘ প্রায় ১০ বছর ধরে স্ট্রোকজনিত সমস্যায় ভুগছিলেন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী মাঝে মধ্যে ঘুমের ওষুধ সেবন করতেন। বুধবার সন্ধ্যায় তিনি নাইট ডিউটিতে যোগ দিতে বাসা থেকে হাসপাতালে যান।
পরদিন ভোরে পরিবারের সদস্যরা খবর পেয়ে হাসপাতালে এসে তাকে হাসপাতালের বাথরুমের সামনে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাথরুমের দরজা ভেঙে তাকে উদ্ধার করে। অভিযোগে আরও বলা হয়েছে, তার হাতে একটি ঘুমের ইনজেকশনের সিরিঞ্জ সংযুক্ত অবস্থায় ছিল।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকেয়া খানম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তদন্ত শেষে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।









