ইরানের জনগণের ভয় পাওয়ার কিছু নেই, ‘আল্লাহই যথেষ্ট’: খামেনির দফতর

প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২৬, ০২:৫৯ পিএম
ইরানের জনগণের ভয় পাওয়ার কিছু নেই, ‘আল্লাহই যথেষ্ট’: খামেনির দফতর

ডেস্ক রিপোর্টঃ

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়ছে। এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানে সম্ভাব্য সামরিক পদক্ষেপের ইঙ্গিত আসার পর দেশটির জনগণকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দফতর।

বুধবার (২৮ জানুয়ারি) খামেনির দফতর থেকে প্রকাশ করা হয় প্রায় আট মিনিট দৈর্ঘ্যের একটি ভিডিও। ভিডিওটির শিরোনাম দেওয়া হয়েছে— ‘God Is Enough’ (আল্লাহই যথেষ্ট)। এতে গত কয়েক দশকে বিভিন্ন সময়ে দেওয়া আয়াতুল্লাহ আলী খামেনির ভাষণের নির্বাচিত অংশ সংকলন করা হয়েছে।

ভিডিও বার্তায় খামেনিকে বলতে শোনা যায়, শত্রুর হুমকিতে আতঙ্কিত হওয়ার কিছু নেই এবং আল্লাহর ওপর ভরসা রাখলে কোনো শক্তিই ইরানের ক্ষতি করতে পারবে না। তিনি জনগণকে ধৈর্য ও আত্মবিশ্বাস বজায় রাখার আহ্বান জানান।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের সাবেক ও বর্তমান রাজনৈতিক নেতৃত্বের কঠোর বক্তব্য, রণতরী মোতায়েন এবং সামরিক চাপের প্রেক্ষাপটে এই ভিডিওটি ইরানি জনগণের মনোবল দৃঢ় করার কৌশল হিসেবে প্রকাশ করা হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমগুলোর ভাষ্য অনুযায়ী, দেশটির নেতৃত্ব যুদ্ধ নয়, বরং প্রতিরোধ ও আত্মনির্ভরতার বার্তাই বারবার সামনে আনছে। একই সঙ্গে যেকোনো আগ্রাসনের জবাব দিতে ইরান প্রস্তুত—এমন ইঙ্গিতও পরোক্ষভাবে দেওয়া হয়েছে।

বা/মে২৪/ফা