এক ডলারে মিলছে ১৬ লাখেরও বেশি ইরানি রিয়াল

প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২৬, ১২:২০ এএম
এক ডলারে মিলছে ১৬ লাখেরও বেশি ইরানি রিয়াল

ডেস্ক রিপোর্টঃ

মার্কিন ডলারের বিপরীতে ইরানের মুদ্রা রিয়ালের আরও বড় দরপতন হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) দেশটির মুদ্রার ইতিহাসে সর্বোচ্চ দরপতনের রেকর্ড হয়। এদিন মুক্ত বাজারে এক মার্কিন ডলারের বিপরীতে পাওয়া যাচ্ছে ১৬ লাখ ২০ হাজার ৫০০ ইরানি রিয়াল।

মুদ্রাবিষয়ক ওয়েবসাইট বোনবাস্ট জানিয়েছে, এর আগের দিন এক ডলারের বিপরীতে প্রায় ১৫ লাখ রিয়াল লেনদেন হচ্ছিল। মাত্র একদিনের ব্যবধানে ডলারের বিপরীতে ইরানি রিয়ালের মান কমেছে প্রায় দেড় লাখ রিয়াল।

প্রতিবেদনে বলা হয়, গত মাসের শেষদিকে ইরানে সরকারবিরোধী বিক্ষোভ শুরু হওয়ার পর থেকেই মুদ্রাবাজারে অস্থিরতা বাড়তে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে গত ৭ জানুয়ারি দেশটির সরকার ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। ফলে ইস্তাম্বুল, বাগদাদ ও আফগান সীমান্তসহ আঞ্চলিক বাজারগুলোতে ইরানি রিয়ালের প্রকৃত দর সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য পাওয়া যাচ্ছে না।

এদিকে বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের দিকে একটি বিশাল নৌবহর পাঠানোর ঘোষণা দেন। তার এমন ঘোষণার পর ইরানের বাজার পরিস্থিতি আরও অস্থিতিশীল হয়ে পড়ে। আশঙ্কা করা হচ্ছে, যুক্তরাষ্ট্র ইরানের চারপাশে নৌ অবরোধ তৈরি করতে পারে। একই সঙ্গে ইরানের তেল ও গ্যাসক্ষেত্র লক্ষ্য করেও হামলার সম্ভাবনার কথা শোনা যাচ্ছে।

বা/মে২৪/ফা