কোরআন পড়ে অভিভূত ব্রিটিশ সাংবাদিক রবার্ট কার্টারের ইসলাম গ্রহণ

প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২৬, ০১:২৯ পিএম
কোরআন পড়ে অভিভূত ব্রিটিশ সাংবাদিক রবার্ট কার্টারের ইসলাম গ্রহণ

ডেস্ক রিপোর্টঃ

এক সময় কট্টর ডানপন্থী মতাদর্শে বিশ্বাসী ও ইসলামভীতির প্রভাবে প্রভাবিত ছিলেন ব্রিটিশ সাংবাদিক রবার্ট কার্টার। সম্প্রতি তিনি ইসলাম গ্রহণ করেছেন—এমন তথ্য নিজেই প্রকাশ করেছেন এক ভিডিও বার্তায়। ইসলাম গ্রহণকে তিনি নিজের জীবনের জন্য একটি “জীবনরক্ষাকারী অভিজ্ঞতা” হিসেবে বর্ণনা করেছেন।

ইসলামবিষয়ক অনলাইন প্ল্যাটফর্ম ‘৫পিলার’ (5Pillars)–এ প্রকাশিত এক ভিডিও বক্তব্যে রবার্ট কার্টার তার ব্যক্তিগত জীবনের পরিবর্তনের গল্প তুলে ধরেন। সেখানে তিনি জানান, কিশোর বয়সে তিনি ছিলেন দিশাহীন ও মানসিকভাবে বিপর্যস্ত। ভাঙা পরিবারে বেড়ে ওঠা এবং যথাযথ অভিভাবকত্ব ও আদর্শের অভাব তাকে গভীর বিভ্রান্তির মধ্যে ঠেলে দেয়।

তার ভাষায়, ১৪ বা ১৫ বছর বয়সে তিনি কট্টর ডানপন্থী চিন্তাধারা ও তথাকথিত ব্রিটিশ জাতীয়তাবাদী মূল্যবোধ দ্বারা প্রভাবিত হয়ে পড়েন। তিনি বলেন, ওই সময়কার কিছু মতাদর্শ পশ্চিমা সমাজে চলমান সামাজিক ও সাংস্কৃতিক সংকটকে আরও গভীর করেছে। এমন বিভ্রান্তিকর চিন্তা এখন শিক্ষাপ্রতিষ্ঠান পর্যন্ত ছড়িয়ে পড়েছে বলেও তিনি মন্তব্য করেন, যার ফলে মানুষ নিজের পরিচয় ও মূল্যবোধ নিয়ে দ্বিধাগ্রস্ত হয়ে পড়ছে।

রবার্ট কার্টার জানান, তার জীবনের মোড় ঘুরে যায় যেদিন তিনি প্রথমবার পবিত্র কোরআন অধ্যয়ন শুরু করেন। তার ভাষায়, সেদিন থেকেই ইসলামের প্রতি তার দৃষ্টিভঙ্গির আমূল পরিবর্তন ঘটে। তিনি বলেন, দীর্ঘদিনের প্রপাগান্ডা ও ঘৃণার আড়ালে থাকা ইসলামের প্রকৃত শিক্ষা ও সৌন্দর্য তখন তার কাছে ধীরে ধীরে উন্মোচিত হতে থাকে।

একই বক্তব্যে তিনি অভিযোগ করেন, বর্তমান রাজনৈতিক সংস্কৃতি এবং অনেক প্রভাবশালী সংবাদমাধ্যমের শিরোনামে ইসলামকে ঘিরে বিষাক্ত ইসলামোফোবিক বয়ান ও ষড়যন্ত্রমূলক ধারণা ছড়ানো হয়, যা সাধারণ মানুষকে বাস্তবতা থেকে দূরে সরিয়ে রাখে।

ইসলাম গ্রহণের মুহূর্ত সম্পর্কে আবেগঘন বর্ণনায় রবার্ট কার্টার বলেন, শাহাদা পাঠের দিন তার মনে হয়েছিল তিনি যেন নতুন করে জন্ম নিয়েছেন। সেই বিশ্বাসই তাকে জীবনের জন্য একটি সুস্পষ্ট ও আলোকোজ্জ্বল দিকনির্দেশনা দিয়েছে বলে তিনি উল্লেখ করেন।

ভ্রান্ত ধারণা, ঘৃণা ও বিভ্রান্তি পেছনে ফেলে সত্য অনুসন্ধানের এই অভিজ্ঞতা ইতোমধ্যে বিভিন্ন মহলে আলোচনার জন্ম দিয়েছে। রবার্ট কার্টারের ইসলাম গ্রহণের ঘটনা নতুন করে সামনে এনেছে কোরআনের প্রভাব এবং ব্যক্তিগত আত্মিক পরিবর্তনের শক্তিকে।

বা/মে২৪/ফা