গত বছরে এক লাখের বেশি বিদেশির ভিসা বাতিল যুক্তরাষ্ট্রে
ডেস্ক রিপোর্টঃ
মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, গত এক বছরে এক লাখের বেশি বিদেশি নাগরিকের ভিসা বাতিল করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দাবি, এই সংখ্যা ২০২৪ সালের তুলনায় ১৫০ শতাংশেরও বেশি। ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতির ধারাবাহিকতার অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
স্টেট ডিপার্টমেন্টের ডেপুটি মুখপাত্র টমি পিগট বলেন, বাতিল হওয়া ভিসার বড় একটি অংশের সঙ্গে যুক্ত রয়েছেন এমন বিদেশি নাগরিকরা, যারা সহিংসতা, চুরি, মাদক সংশ্লিষ্ট অপরাধ কিংবা মদ্যপ অবস্থায় দুর্ঘটনার মতো ঘটনায় অভিযুক্ত বা দণ্ডিত হয়েছেন।
তিনি জানান, নতুনভাবে চালু হওয়া ‘কনটিনিউয়াস ভেটিং সেন্টার’ নিয়মিতভাবে ভিসাধারীদের তথ্য যাচাই করবে। এর মাধ্যমে যাদের জননিরাপত্তা বা জাতীয় নিরাপত্তার জন্য সম্ভাব্য হুমকি হিসেবে বিবেচনা করা হবে, তাদের ভিসা দ্রুত বাতিল করা সম্ভব হবে।
স্টেট ডিপার্টমেন্টের ভাষ্য অনুযায়ী, এই কঠোর পদক্ষেপের আওতায় আন্তর্জাতিক শিক্ষার্থী এবং গাজা সমর্থনকারী কিছু কর্মীও পড়েছেন, যাদের কর্মকাণ্ড যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা নীতির সঙ্গে সাংঘর্ষিক বলে বিবেচিত হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, এসব সিদ্ধান্তের মূল উদ্দেশ্য হলো দেশীয় নিরাপত্তা ও জননিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া এবং যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিদেশি নাগরিকদের মধ্যে সম্ভাব্য ঝুঁকি নিয়ন্ত্রণে রাখা।
বা/মে২৪/ফা









