জাপানের রেলওয়েতে স্টেশনমাস্টার পদে নিয়োগ পেলো বিড়াল

প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২৬, ০৩:১২ পিএম
জাপানের রেলওয়েতে স্টেশনমাস্টার পদে নিয়োগ পেলো বিড়াল

ডেস্ক রিপোর্ট

জাপানের একটি রেলস্টেশনে আবারও স্টেশনমাস্টার হিসেবে দায়িত্ব পেয়েছে একটি বিড়াল। দেশটির ওয়াকায়ামা প্রিফেকচারের কিশি স্টেশনে ওয়াকায়ামা ইলেকট্রিক রেলওয়ে কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে একটি তিনরঙা বিড়ালকে স্টেশনমাস্টার পদে নিয়োগ দিয়েছে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, নবনিযুক্ত বিড়ালটির নাম ‘ইওনটামা’। সম্প্রতি আয়োজিত এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে তাকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়। অনুষ্ঠানে রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং প্রতীকীভাবে ইওনটামার গলায় স্টেশনমাস্টারের পদক পরিয়ে দেওয়া হয়।

এর আগে কিশি স্টেশনে ধারাবাহিকভাবে কয়েকটি বিড়াল স্টেশনমাস্টারের দায়িত্ব পালন করেছে। ২০০৭ সালে প্রথমবারের মতো ‘তামা’ নামের একটি বিড়ালকে স্টেশনমাস্টার হিসেবে নিয়োগ দেওয়া হয়। তার পর থেকে এই ব্যতিক্রমী উদ্যোগ দেশি-বিদেশি পর্যটকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পায়। পরবর্তীতে ‘নিতামা’ নামের আরেকটি বিড়ালও একই দায়িত্ব পালন করে।

রেল কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, বিড়াল স্টেশনমাস্টারের মূল কাজ যাত্রীদের স্বাগত জানানো ও স্টেশনের প্রতি মানুষের আগ্রহ বাড়ানো। এতে করে কিশি স্টেশনে পর্যটকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে এবং স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়েছে।

জাপানে পশুপ্রীতি ও স্থানীয় সংস্কৃতির অংশ হিসেবেই এই উদ্যোগকে দেখা হচ্ছে। রেলওয়ে কর্তৃপক্ষ আশা করছে, নতুন স্টেশনমাস্টার ইওনটামাও আগের মতোই যাত্রী ও পর্যটকদের আকর্ষণ করতে সক্ষম হবে।

বা/মে২৪/ফা