জেলেনস্কিকে আলোচনায় বসার আমন্ত্রণ পুতিনের
ডেস্ক রিপোর্টঃ
টানা প্রায় চার বছরের যুদ্ধের অবসান ঘটাতে আলোচনার জন্য ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কিকে আমন্ত্রণ জানিয়েছে রাশিয়া। স্থানীয় সময় বৃহস্পতিবার ক্রেমলিনের বরাতে আন্তর্জাতিক একাধিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, যুদ্ধ বন্ধে মার্কিন নেতৃত্বাধীন প্রচেষ্টা তীব্রতর হওয়ার মধ্যেই রাশিয়া ইউক্রেনের প্রেসিডেন্টকে মস্কোতে আলোচনায় বসার আহ্বান জানিয়েছে। এদিকে দুই দেশের যুদ্ধে নিহত সৈনিকদের মরদেহ বিনিময় এবং মস্কো ও কিয়েভ একে অপরের জ্বালানি অবকাঠামোতে হামলা বন্ধে সম্মত হয়েছে—এমন গুজব সম্পর্কে মন্তব্য করতে অস্বীকৃতি জানানোর কয়েক ঘণ্টা পরই এই বিবৃতি দেয় ক্রেমলিন।
সংবাদমাধ্যমগুলোর তথ্যমতে, গত সপ্তাহে আবুধাবিতে ওয়াশিংটনের মধ্যস্থতায় ইউক্রেন–রাশিয়ার শান্তি চুক্তিতে পৌঁছানোর প্রচেষ্টায় কিছুটা নতুন গতি সঞ্চার হয়। তবে এর মধ্যেও দুই পক্ষের মধ্যে তীব্র লড়াই চলমান রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা শনিবার অ্যাক্সিওসকে জানান, মার্কিন মধ্যস্থতায় আলোচনার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একটি সরাসরি বৈঠকের খুব কাছাকাছি পৌঁছেছিলেন।
এ বিষয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বৃহস্পতিবার বলেন, জেলেনস্কিকে মস্কো সফরের আমন্ত্রণ জানানো হলেও এখনো ইউক্রেনের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।
উল্লেখ্য, এর আগে গত বছরও একই ধরনের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছিলেন জেলেনস্কি। সে সময় তিনি বলেছিলেন, যেখান থেকে প্রতিদিন তার দেশে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হচ্ছে, সে দেশের রাজধানীতে তিনি যেতে পারেন না। বরং তিনি পুতিনকে কিয়েভে আসার পরামর্শ দিয়েছিলেন।
বা/মে২৪/ফা









