ট্রাম্পের হাত কেটে ফেলার হুমকি
ডেস্ক রিপোর্টঃ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাত কেটে ফেলার হুমকি দিয়েছেন ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) জ্যেষ্ঠ জেনারেল এবং দেশটির সুপ্রিম কাউন্সিলের সদস্য মোহসেন রেজাই।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) তেহরানে এক জনসভায় এ হুমকি দেন তিনি। বক্তব্যে মোহসেন রেজাই বলেন, ‘ট্রাম্প বলেছেন তার হাত ট্রিগারে। আমরা তার হাত ও আঙুল কেটে ফেলব।’
তিনি আরও বলেন, ‘যদি আমরা এগিয়ে যাই, তাহলে আর যুদ্ধবিরতির কথা বলা হবে না। আমরা যে সংযম ও কৌশলগত ধৈর্য দেখিয়েছি, যুক্তরাষ্ট্র তা উপেক্ষা করছে। এখনই থামুন, পিছিয়ে যান—নচেৎ এই অঞ্চলে আপনাদের কোনো (মার্কিন) ঘাঁটি নিরাপদ থাকবে না।’
উল্লেখ্য, মোহসেন রেজাই ১৯৮০ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত আইআরজিসির কমান্ডার-ইন-চিফ হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি বাহিনীটির অর্থনৈতিক বিষয়ক ভাইস প্রেসিডেন্ট। একই সঙ্গে তিনি ইরানের সুপ্রিম কাউন্সিল ফর ইকোনমিক কোঅর্ডিনেশনের সেক্রেটারি এবং প্রিন্সিপলিস্ট রেজিস্ট্যান্স ফ্রন্টের একজন জ্যেষ্ঠ নেতা।
এদিকে, ২০০৬ সালে আর্জেন্টিনার কর্তৃপক্ষ ১৯৯৪ সালে বুয়েনস আইরেসে ইহুদি কমিউনিটি সেন্টারে বোমা হামলার ঘটনায় মোহসেন রেজাইয়ের বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। পাশাপাশি, ২০২০ সালের জানুয়ারিতে যুক্তরাষ্ট্র তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।
বা/মে২৪/ফা









