তেলবাহী জাহাজ ঘিরে আটলান্টিকে মুখোমুখি যুক্তরাষ্ট্র-রাশিয়া

প্রকাশিত: ০৭ জানুয়ারি ২০২৬, ১০:১৭ পিএম
তেলবাহী জাহাজ ঘিরে আটলান্টিকে মুখোমুখি যুক্তরাষ্ট্র-রাশিয়া

ডেস্ক রিপোর্টঃ

মার্কিন নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগে একটি তেলবাহী জাহাজকে কেন্দ্র করে আটলান্টিক মহাসাগরে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। জাহাজটির নিরাপত্তা জোরদার করতে একটি সাবমেরিনসহ একাধিক নৌযান মোতায়েন করেছে রাশিয়া।

মঙ্গলবার বিবিসির সহযোগী সংবাদমাধ্যম সিবিএস নিউজকে যুক্তরাষ্ট্রের দুই কর্মকর্তা জানান, মার্কিন বাহিনী যে তেলবাহী জাহাজটি অনুসরণ করছে, সেটির সঙ্গে একটি রুশ সাবমেরিন ও অন্যান্য রুশ নৌবাহিনীর জাহাজ যুক্ত হয়েছে।

সূত্রগুলো জানায়, জাহাজটি বর্তমানে আইসল্যান্ড ও ব্রিটিশ দ্বীপপুঞ্জের মধ্যবর্তী উত্তর আটলান্টিক এলাকায় অবস্থান করছে। যুক্তরাষ্ট্রের দাবি, জাহাজটি মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরানি তেল পরিবহনের সঙ্গে সংশ্লিষ্ট। যদিও কর্মকর্তারা জানিয়েছেন, আগে এটি ভেনেজুয়েলার অপরিশোধিত তেল বহন করলেও বর্তমানে জাহাজটি খালি রয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, জাহাজটির আগের নাম ছিল ‘বেলা ওয়ান’। পরবর্তীতে নাম পরিবর্তন করে ‘মারিনেরা’ রাখা হয়। একই সঙ্গে গায়ানার নিবন্ধন বাতিল করে এটিকে রাশিয়ার পতাকাবাহী জাহাজ হিসেবে নতুন করে নিবন্ধন করা হয়েছে।

গত মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, ভেনেজুয়েলায় যাতায়াতকারী নিষেধাজ্ঞাভুক্ত তেলবাহী জাহাজগুলোর বিরুদ্ধে ‘নৌ অবরোধ’ কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। ওই সময় ভেনেজুয়েলা সরকার এই সিদ্ধান্তকে সরাসরি ‘চুরি’ বলে অভিহিত করে।

এদিকে মারিনেরা যে এলাকায় অবস্থান করছে, সেখানে যুক্তরাষ্ট্রের সামরিক বিমান তৎপরতাও লক্ষ্য করা গেছে। উন্মুক্ত ফ্লাইট ট্র্যাকিং সাইট ফ্লাইটরাডার২৪-এর তথ্য বিশ্লেষণ করে বিবিসি ভেরিফাই জানিয়েছে, উত্তর আটলান্টিকে একটি মার্কিন এয়ার-টু-এয়ার রিফুয়েলিং ট্যাংকার এবং যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর স্পেশাল অপারেশনস কমান্ডের একাধিক বিমান চলাচল করতে দেখা গেছে। সাধারণত এসব বিমান নজরদারি ও বিশেষায়িত সামরিক অভিযানে ব্যবহৃত হয়।

এই পরিস্থিতিতে রাশিয়ার নৌবাহিনীর জাহাজ ও সাবমেরিন মোতায়েনের তথ্য সামনে আসায় তেল পরিবহন, নিষেধাজ্ঞা প্রয়োগ এবং ভেনেজুয়েলা ইস্যুতে বৈশ্বিক শক্তিগুলোর মধ্যে চলমান টানাপোড়েন আরও স্পষ্ট হয়ে উঠেছে।

বা/মে২৪/ফা