নিজেকে ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ ঘোষণা করলেন ট্রাম্প
ডেস্ক রিপোর্টঃ
বিশ্ব রাজনীতিতে নজিরবিহীন এক ঘটনার দাবি উঠেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেছেন বলে দাবি করা হচ্ছে।
রোববার (১১ জানুয়ারি) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ একটি ছবি পোস্ট করেন ট্রাম্প। ওই ছবির নিচে লেখা ছিল—২০২৬ সালের জানুয়ারি মাস থেকে তিনি ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেছেন।
এই ঘোষণা আসে ভেনেজুয়েলার নির্বাচিত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো অপহৃত হওয়ার এক সপ্তাহ পর। দাবি অনুযায়ী, গত ৩ জানুয়ারি মার্কিন সেনাবাহিনী ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে একটি ঝটিকা অভিযান চালায়। ওই অভিযানে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে সরকারি বাসভবন থেকে আটক করে নিউইয়র্ক সিটিতে নিয়ে যাওয়া হয়।
বর্তমানে তারা দুজনই মাদক পাচারের অভিযোগে নিউইয়র্কের একটি ফেডারেল কারাগারে বন্দি রয়েছেন এবং তাদের বিরুদ্ধে মার্কিন আদালতে বিচার প্রক্রিয়া শুরুর প্রস্তুতি চলছে বলে জানানো হয়েছে। অভিযানের সময় ভেনেজুয়েলায় অন্তত ১০০ জন নিহত হয়েছেন বলেও দাবি করা হয়েছে।
এর আগে ট্রাম্প ভেনেজুয়েলার বিপুল তেল সম্পদের নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে নেওয়ার বিষয়ে হুঁশিয়ারি দিয়েছিলেন। সম্প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, অনির্দিষ্টকালের জন্য ভেনেজুয়েলার জ্বালানি খাতের নিয়ন্ত্রণ ওয়াশিংটনের হাতে থাকবে এবং সরকার সংস্কারে যুক্তরাষ্ট্র সক্রিয় ভূমিকা পালন করবে।
রুবিও আরও বলেন, ‘উপযুক্ত সময়ে’ তেলের মালিকানা পুনরায় ভেনেজুয়েলার সরকারের কাছে হস্তান্তর করা হবে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই ঘোষণা মূলত ভেনেজুয়েলার তেলের ওপর মার্কিন আধিপত্য নিশ্চিত করার একটি কৌশলগত পদক্ষেপ।
মাদুরো অপহৃত হওয়ার পর ভেনেজুয়েলার সুপ্রিম কোর্ট ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা করে। ভেনেজুয়েলার সেনাবাহিনীও তাকে সমর্থন দেয়। ক্ষমতা গ্রহণের পর ডেলসি রদ্রিগেজ যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতার প্রস্তাব দিলেও ট্রাম্পের ঘোষণায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।
বর্তমানে ভেনেজুয়েলায় একই সঙ্গে ডেলসি রদ্রিগেজ ও ডোনাল্ড ট্রাম্প—উভয়ই নিজেদের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দাবি করায় দেশটির প্রশাসনিক ও সার্বভৌম সংকট চরমে পৌঁছেছে। আন্তর্জাতিক আইনের আলোকে এই দাবির বৈধতা নিয়েও বিশ্বজুড়ে বিতর্ক শুরু হয়েছে।
সূত্র: ট্রুথ সোশ্যাল ও রয়টার্স
বা/মে২৪/ফা









