নিজ নাগরিকদের ইরান ছাড়তে বলল ভারত সরকার
ডেস্ক রিপোর্টঃ
ইরানে ক্রমাগত অবনতিশীল নিরাপত্তা পরিস্থিতির কারণে দেশটিতে অবস্থানরত সকল ভারতীয় নাগরিককে দ্রুত ইরান ছাড়ার নির্দেশ দিয়েছে ভারত সরকার। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাস এক জরুরি নিরাপত্তা সতর্কতায় এ নির্দেশনা দেয়।
সতর্কবার্তায় বলা হয়েছে, বর্তমান পরিস্থিতিতে ইরানে থাকা ভারতীয় নাগরিকদের নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়তে পারে। এজন্য ছাত্রছাত্রী, ব্যবসায়ী, তীর্থযাত্রী ও পর্যটকসহ সকল ভারতীয় নাগরিককে উপলব্ধ যাতায়াত ব্যবস্থার মাধ্যমে যত দ্রুত সম্ভব ইরান ত্যাগ করতে বলা হয়েছে।
এছাড়া ইরানে অবস্থানরত ভারতীয় নাগরিকদের বিক্ষোভ, সমাবেশ ও জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে জরুরি প্রয়োজনে তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখতে এবং প্রয়োজনীয় ভ্রমণ ও পরিচয় সংক্রান্ত কাগজপত্র প্রস্তুত রাখার আহ্বান জানানো হয়েছে।
ইরানের বিভিন্ন এলাকায় চলমান অস্থিরতা ও বিক্ষোভের কারণে নিরাপত্তা পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হচ্ছে বলে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হচ্ছে। এই প্রেক্ষাপটে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতেই এমন সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে ভারত সরকার।
বা/মে২৪/ফা









