পাকিস্তানে বিশাল তেল-গ্যাসের মজুত আবিষ্কার, উৎপাদন শুরু

প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২৬, ০১:৩১ পিএম
পাকিস্তানে বিশাল তেল-গ্যাসের মজুত আবিষ্কার, উৎপাদন শুরু

ডেস্ক রিপোর্টঃ

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে নতুন তেল ও গ্যাসের বিশাল মজুত আবিষ্কারের ঘোষণা দিয়েছে দেশটির রাষ্ট্রায়ত্ত তেল ও গ্যাস উন্নয়ন কোম্পানি অয়েল অ্যান্ড গ্যাস ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ওজিডিসিএল)। এই নতুন খনিগুলো দেশের অভ্যন্তরীণ জ্বালানি চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

পাকিস্তান স্টক এক্সচেঞ্জে পাঠানো এক নোটিশে ওজিডিসিএল জানায়, খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাট জেলায় অবস্থিত তাদের অনুসন্ধানী কূপ ‘বারাগজাই এক্স-০১’ থেকে প্রতিদিন গড়ে প্রায় ৩ হাজার ১০০ ব্যারেল অপরিশোধিত তেল এবং ৮১ লাখ ৫০ হাজার ঘনফুট প্রাকৃতিক গ্যাস উৎপাদন শুরু হয়েছে।

কোম্পানিটি জানায়, এরই মধ্যে বারাগজাই এলাকায় আরও দুটি কূপ থেকে তেল ও গ্যাস উত্তোলন কার্যক্রম চালু রয়েছে। নতুন এই আবিষ্কারের ফলে বারাগজাই খনি অঞ্চল থেকে প্রতিদিন মোট আনুমানিক ৯ হাজার ৪৮০ ব্যারেল অপরিশোধিত তেল উৎপাদন হচ্ছে, যা পাকিস্তানের মোট দৈনিক তেল উৎপাদনের প্রায় ১৪ দশমিক ৫ শতাংশ।

ওজিডিসিএলের এক বিবৃতিতে বলা হয়, “এই নতুন আবিষ্কার দেশীয় সম্পদের মাধ্যমে জ্বালানি সরবরাহ ও চাহিদার মধ্যকার ব্যবধান কমাতে সহায়তা করবে এবং দেশের হাইড্রোকার্বন রিজার্ভ বেসকে আরও সমৃদ্ধ করবে।”

বর্তমানে পাকিস্তানে দৈনিক গড়ে প্রায় ৬৬ হাজার ব্যারেল অপরিশোধিত তেল উৎপাদন হয়। নতুন এই উৎপাদন দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার করতে উল্লেখযোগ্য অবদান রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

প্রসঙ্গত, অর্থনৈতিক সংকট ও বৈদেশিক মুদ্রার চাপের মধ্যে পাকিস্তান দীর্ঘদিন ধরেই ব্যয়বহুল জ্বালানি আমদানির ওপর নির্ভরতা কমাতে অভ্যন্তরীণ তেল ও গ্যাস উৎপাদন বৃদ্ধির উদ্যোগ জোরদার করেছে। এরই ধারাবাহিকতায় গত বছর পাকিস্তান সরকার তিনটি অফশোর ও দুটি অনশোর খনিতে তেল ও গ্যাস অনুসন্ধানের জন্য স্থানীয় ও আন্তর্জাতিক কোম্পানির সঙ্গে পাঁচটি চুক্তি স্বাক্ষর করে।

বিশেষজ্ঞরা মনে করছেন, নতুন এই তেল ও গ্যাস আবিষ্কার পাকিস্তানের জ্বালানি খাতে স্বস্তি ফেরানোর পাশাপাশি অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জনে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

সূত্র- গালফ নিউজ।

বা/মে২৪/ফা