যুক্তরাষ্ট্র হামলা চালালে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে আঘাত হানবে ইরান

প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২৬, ১২:৩৮ এএম
যুক্তরাষ্ট্র হামলা চালালে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে আঘাত হানবে ইরান

ডেস্ক রিপোর্টঃ

যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা চালায়, তাহলে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে পাল্টা আঘাত হানবে ইরান—এমন পরিকল্পনার কথা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন দেশটির এক শীর্ষ কর্মকর্তা।

বুধবার ইসরায়েলি একটি সূত্র রয়টার্সকে জানায়, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে হস্তক্ষেপের সিদ্ধান্ত নিয়েছেন। তবে এই সম্ভাব্য সামরিক কার্যক্রমের সময়সীমা ও পরিধি এখনও স্পষ্ট নয়। এদিকে নাম প্রকাশ না করার শর্তে ইরানের ওই কর্মকর্তা জানান, হামলার হুমকির মুখে তেহরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর সঙ্গে যোগাযোগ করেছে এবং ওয়াশিংটনকে হামলা থেকে বিরত রাখতে তাদের সতর্ক করা হয়েছে।

ইরানের ওই শীর্ষ কর্মকর্তা বলেন, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকে শুরু করে তুরস্ককে জানানো হয়েছে—যুক্তরাষ্ট্র যদি ইরানকে লক্ষ্যবস্তু বানায়, তাহলে ওই দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিও হামলার লক্ষ্য হবে।

মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইনে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পঞ্চম ফ্লিটের সদরদপ্তর অবস্থিত। কাতারে রয়েছে আল উদেইদ বিমানঘাঁটি। এর আগে পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার জবাবে আল উদেইদ ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল ইরান।

ইরানের সরকারি সংবাদমাধ্যম জানিয়েছে, দেশটির শীর্ষ নিরাপত্তা সংস্থার প্রধান আলি লারিজানি কাতারের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছেন। পাশাপাশি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সংযুক্ত আরব আমিরাত ও তুরস্কের সঙ্গে আলাপ করেছেন।

আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদের সঙ্গে আলাপে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানান, তাঁর দেশে শান্তি বিরাজ করছে এবং ইরান নিজেদের সার্বভৌমত্ব ও নিরাপত্তাকে যেকোনো বিদেশি হস্তক্ষেপ থেকে রক্ষা করতে দৃঢ় প্রতিজ্ঞ।

এদিকে ইসরায়েলের এক সরকারি কর্মকর্তা রয়টার্সকে জানান, স্থানীয় সময় মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দেশটির নিরাপত্তা পরিষদকে ইরানের শাসনব্যবস্থার সম্ভাব্য পতন ও যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হস্তক্ষেপ বিষয়ে ব্রিফ করেছেন। একইদিন সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরান যদি বিক্ষোভকারীদের ফাঁসি দেয়, তাহলে যুক্তরাষ্ট্র অত্যন্ত কঠোর পদক্ষেপ নেবে।

সূত্রঃ রয়টার্স

বা/মে২৪/ফা