‘অপারেশন সিঁদুর এখনও চলছে’, পাকিস্তানকে ভারতের সেনাপ্রধানের হুঁশিয়ারি

প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০২৬, ০২:২২ পিএম
‘অপারেশন সিঁদুর এখনও চলছে’, পাকিস্তানকে ভারতের সেনাপ্রধানের হুঁশিয়ারি

ডেস্ক রিপোর্টঃ

ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী হুঁশিয়ারি দিয়ে বলেছেন, গত বছর শুরু হওয়া ‘অপারেশন সিঁদুর’ এখনও চলমান রয়েছে। পাকিস্তান দুঃসাহস দেখালে আবারও পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হতে পারে বলেও সতর্ক করেন তিনি।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে সেনাপ্রধান দাবি করেন, যুদ্ধবিরতি ঘোষণার পর পশ্চিম সীমান্ত ও জম্মু–কাশ্মিরের পরিস্থিতি সংবেদনশীল হলেও বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। তবে পাকিস্তানের যেকোনো উসকানিমূলক পদক্ষেপ পরিস্থিতিকে আবারও ভয়াবহ সংঘাতের দিকে ঠেলে দিতে পারে বলে মন্তব্য করেন তিনি।

উপেন্দ্র দ্বিবেদী বলেন, পশ্চিম সীমান্তে এখনো অন্তত আটটি ক্যাম্প সক্রিয় রয়েছে। ভারতের কাছে থাকা তথ্যমতে, এসব ক্যাম্পে আনুমানিক ১০০ থেকে ১৫০ জন অবস্থান করছে। তিনি আরও বলেন, ভারত একই মাত্রার চাপ বজায় রেখেছে এবং নিরাপত্তা বাহিনী সম্পূর্ণ সতর্ক অবস্থায় রয়েছে।

সংবাদ সম্মেলনে ভারতের সামরিক সক্ষমতা নিয়েও কথা বলেন সেনাপ্রধান। তিনি জানান, চীন ও পাকিস্তানের সামরিক শক্তি বিবেচনায় ভারতের নিজস্ব সামরিক সামর্থ্য আরও জোরদার করা প্রয়োজন। এ লক্ষ্যে একটি রকেট–কাম–মিসাইল ফোর্স গঠনের সিদ্ধান্তের কথাও জানান তিনি। এই বাহিনীর মূল শক্তি হিসেবে পিনাকা, প্রলয় ও ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে বিবেচনায় নেওয়া হচ্ছে।

এদিকে কাশ্মীরে ড্রোন অনুপ্রবেশ নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছে ভারত। জেনারেল দ্বিবেদীর দাবি, সাম্প্রতিক সময়ে একাধিক ড্রোন সীমান্ত অতিক্রম করেছে এবং একটি ড্রোন থেকে অস্ত্র ও গ্রেনেড ফেলার ঘটনাও ঘটেছে।

অন্যদিকে পাকিস্তান দাবি করেছে, বেলুচিস্তানের কালাত জেলায় গোয়েন্দা অভিযানে ভারত-সমর্থিত চার সন্ত্রাসী নিহত হয়েছে। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, নিহতরা ভারতের মদদপুষ্ট ‘ফিতনা আল হিন্দুস্তান’ গোষ্ঠীর সদস্য। পাকিস্তান সেনাবাহিনীর ভাষ্য অনুযায়ী, ‘আজমে ইস্তেহকাম’ অভিযানের আওতায় বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

বা/মে২৪/ফা