কুষ্টিয়ায় জামায়াত নেতার বাড়ির রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ

প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৯ এএম
কুষ্টিয়ায় জামায়াত নেতার বাড়ির রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: 

কুষ্টিয়ার দৌলতপুরে এক জামায়াত নেতার বাড়ির রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। তবে ঘটনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি জাহিদ হাসানের ভাগজোত এলাকার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলের দিকে দুজন অজ্ঞাত দুর্বৃত্ত বাড়ির পেছনের দিক দিয়ে প্রবেশ করে রান্নাঘরে আগুন ধরিয়ে দেয়। এ সময় বাড়ির সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত এগিয়ে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।

জাহিদ হাসান দাবি করেন, নির্বাচনকে সামনে রেখে তাকে ভয়-ভীতি প্রদর্শনের উদ্দেশ্যেই এ অগ্নিসংযোগের ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

ঘটনার বিষয়ে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান বলেন, “বিষয়টি আমাদের থানায় ফোন করে জানানো হয়েছে। তবে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।




বা/মে২৪/ম