মিরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬, নিখোঁজ স্বামীর খোঁজে স্ত্রীর আহাজারি
ডেস্ক রিপোর্ট:
রাজধানীর মিরপুরের শিয়ালবাড়ি এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আগুনে দগ্ধ ও নিখোঁজ রয়েছেন আরও অনেকে। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে একটি পোশাক কারখানা ও রাসায়নিকের গুদামে আগুন লাগার পর থেকে এলাকাজুড়ে চলছে কান্না আর আহাজারি।
ভয়াবহ সেই আগুনে নিখোঁজদের খোঁজে স্বজনরা ছুটে বেড়াচ্ছেন হাসপাতাল থেকে হাসপাতাল, ঘটনাস্থল থেকে মর্গ পর্যন্ত। তাদেরই একজন নাসিমা বেগম। হাতে স্বামী নাজমুল ইসলামের একটি রঙিন ছবি নিয়ে ভিড়ের মধ্যে কান্নায় ভেঙে পড়েন তিনি।
তিনি জানান, তার স্বামী মিরপুরের আগুন লাগা পোশাক কারখানার দ্বিতীয় তলার ফ্লোরে কাজ করতেন। নাসিমার কণ্ঠ কাঁপছিল, “সকাল সাড়ে ১১টার দিকে আমার স্বামী ফোনে বলে— আগুন লাগছে, আমারে বাঁচাও… এই কথাই শেষ কথা ছিল তার। তারপর ফোনের লাইনটা কেটে যায়। এরপর থেকে আর কোনো খোঁজ নাই।”
তিনি আরও জানান, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, সোহরাওয়ার্দী হাসপাতাল ও ইবনে সিনা মেডিক্যালসহ বিভিন্ন স্থানে খোঁজ নিয়েছেন, কিন্তু কোথাও নাজমুলের সন্ধান মেলেনি।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট দীর্ঘ কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, আগুন লেগেছে দুটি প্রতিষ্ঠানে— একটি সাততলা পোশাক কারখানা এবং অপরটি রাসায়নিকের গুদাম।
তিনি বলেন, “সব লাশ ‘আনোয়ার ফ্যাশন’ নামের পোশাক কারখানার ভেতর থেকে উদ্ধার করা হয়েছে। লাশগুলো ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। গুরুতর আহতদের জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।”
এদিকে ঘটনাস্থলে পুলিশ, সেনাবাহিনী, বিজিবি ও র্যাবের সদস্যরা মোতায়েন রয়েছে। চারদিকে শত শত উৎসুক জনতার ভিড়। এখনো কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে জানায় স্থানীয়রা।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাসায়নিক পদার্থের উপস্থিতির কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তবে আগুন লাগার সঠিক কারণ তদন্তে কাজ শুরু করেছে ফায়ার সার্ভিস ও পুলিশ।









