সুন্দরবনের শেলা নদীতে কুমিরের হামলায় প্রাণ গেল নারী জেলের
প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের মোংলা উপজেলার সুন্দরবনসংলগ্ন শেলা নদীতে মাছের পোনা সংগ্রহ করতে গিয়ে কুমিরের আক্রমণে সেলিনা বেগম (৪৫) নামে এক নারী জেলের মৃত্যু হয়েছে। বুধবার (১৭ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে সুন্দরবনের জয়মনি এলাকার শেলা নদীতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
সুন্দরবন পূর্ব বন বিভাগের তথ্য অনুযায়ী, প্রতিদিনের মতো সেলিনা বেগম আরও দুই নারী জেলেকে সঙ্গে নিয়ে নদীতে জাল টেনে মাছের পোনা আহরণ করছিলেন। তারা শেলা নদীর লঞ্চঘাটের কাছাকাছি এলাকায় কাজ করছিলেন। এ সময় হঠাৎ একটি বড় কুমির নদী থেকে উঠে এসে সেলিনার ওপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে পানির নিচে টেনে নেওয়ার চেষ্টা করে।
ঘটনাস্থলে থাকা অপর দুই নারী জেলে তাৎক্ষণিকভাবে চিৎকার শুরু করেন এবং জালের লাঠি দিয়ে কুমিরটিকে আঘাত করে সেলিনাকে উদ্ধারের চেষ্টা চালান। একপর্যায়ে কুমিরটি তাকে ছেড়ে দিলে তারা দ্রুত উদ্ধার করে তীরে নিয়ে আসেন। কিন্তু গুরুতর আঘাতের কারণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার বিষয়টি নিশ্চিত করে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের স্টেশন কর্মকর্তা মো. হামিদুর রহমান জানান, শেলা নদীতে মাছের পোনা ধরার সময় কুমিরের আক্রমণের শিকার হন সেলিনা বেগম। পরে তাকে উদ্ধার করা হলেও বাঁচানো সম্ভব হয়নি।
নিহত সেলিনা বেগম মোংলা উপজেলার চিলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জয়মনি গ্রামের বাসিন্দা আব্দুল শেখের স্ত্রী। পরিবারের অন্যতম উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তিনি। তার অকাল মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম নেমে এসেছে।
স্থানীয়দের ভাষ্য, সুন্দরবনসংলগ্ন নদী ও খালে মাছ ধরা কিংবা কাঁকড়া ও মাছের পোনা সংগ্রহের সময় জেলেদের প্রায়ই বন্য প্রাণীর ঝুঁকির মুখে পড়তে হয়। বিশেষ করে কুমির ও বাঘের আক্রমণের আশঙ্কা সবসময় বিদ্যমান থাকে। তবুও জীবিকার প্রয়োজনে এসব ঝুঁকি নিয়েই নদীতে নামতে বাধ্য হন তারা।
এ ঘটনার পর এলাকায় কর্মরত জেলেদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বন বিভাগ নদী ও খালে কাজ করার সময় অধিক সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। পাশাপাশি জেলেদের নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধিতে আরও কার্যকর উদ্যোগ গ্রহণের কথাও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এদিকে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন। একই সঙ্গে পরিবারটির জন্য সরকারি সহায়তা প্রদানের দাবি জানিয়েছেন তারা।









