চবিতে ‘ডি-নথি’ ব্যবহারে দক্ষতা উন্নয়নে দুই দিনের কর্মশালা শুরু
আহমেদ মুনহা,চবি প্রতিনিধি:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দাপ্তরিক কার্যক্রমে গতিশীলতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে ‘ডি-নথি’ (D-Nothi) ব্যবহারের ওপর দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। আজ শুক্রবার (১৭ এপ্রিল ২০২৬) বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেস-এর ওশান মনিটরিং অ্যান্ড ফোরকাস্টিং সেন্টারে এ কর্মশালার উদ্বোধন করা হয়।
চবি আইকিউএসি ও আইসিটি সেলের যৌথ উদ্যোগে আয়োজিত “Skill Development for the Use and Implementation of D-Nothi” শীর্ষক এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল-ফোরকান।
উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রশাসনিক কার্যক্রমে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার অপরিহার্য। ডি-নথি বাস্তবায়নের মাধ্যমে ফাইল ব্যবস্থাপনা আরও দ্রুত, স্বচ্ছ ও কাগজবিহীন হবে। তিনি প্রশিক্ষণার্থীদের নিজে শিখে সহকর্মীদের শেখানোর আহ্বান জানান। এ সময় তিনি ইউজিসি, চবি আইসিটি সেল ও আইকিউএসিকে ধন্যবাদ জানান এবং কর্মশালার সফলতা কামনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. মো. শাহাদাত হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন চবি আইসিটি সেলের পরিচালক প্রফেসর সাইদুর রহমান চৌধুরী এবং ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেস-এর পরিচালক প্রফেসর ড. এস.এম শরীফুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চবি আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ মোশাররফ হোসেন।
প্রশিক্ষণ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, বিভিন্ন দপ্তরের পরিচালক, ডেপুটি রেজিস্ট্রার, উপ-গ্রন্থাগারিকসহ বিভিন্ন শাখা ও দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করছেন।
দুই দিনব্যাপী (১৭–১৮ এপ্রিল) এ প্রশিক্ষণে ডি-নথি সিস্টেমের ব্যবহার, ডিজিটাল স্বাক্ষর এবং অনলাইনে ফাইল অনুমোদনের কারিগরি বিষয়গুলো হাতে-কলমে শেখানো হবে। আয়োজকরা আশা করছেন, এ উদ্যোগ বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কাজে দীর্ঘসূত্রতা কমিয়ে আধুনিক ও জনবান্ধব সেবা নিশ্চিত করবে।
প্রশিক্ষণে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) আইসিটি বিভাগের অতিরিক্ত পরিচালক মুহাম্মদ নাজমুল ইসলাম, উপ-পরিচালক দ্বিজেন্দ্র চন্দ দাস, সহকারী পরিচালক মো. জসিম উদ্দিন এবং টেকনিক্যাল অফিসার মো. আহসান হাবিব প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।









