ভোটের ৬টি সিলসহ ব্যবসায়ী আটক, জালিয়াতির অভিযোগে বিএনপির সংবাদ সম্মেলন
ডেস্ক রিপোর্টঃ
লক্ষ্মীপুরে একটি প্রিন্টার্সের দোকান থেকে অবৈধভাবে প্রস্তুতকৃত ১৬ ঘর বিশিষ্ট ভোটের ৬টি সিলসহ এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় ব্যানার-পোস্টার ছেঁড়া এবং জামায়াতে ইসলামীর বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে বিএনপি।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে শহরের গোডাউন রোড এলাকায় লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের ধানের শীষের প্রধান নির্বাচনী কার্যালয়ে জরুরি এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর-৩ আসনের প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, সোহেল রানা নামে যাকে আটক করা হয়েছে, তিনি জামায়াতে ইসলামীর কর্মী বলে প্রাথমিকভাবে জানা গেছে। তার একটি কম্পিউটারসহ ৬টি ভোটের সিল জব্দ করা হয়েছে।
তিনি আরও বলেন, এই সিলগুলো কারা তৈরি করেছে এবং এর পেছনে কারা জড়িত—তা গভীরভাবে তদন্ত করা প্রয়োজন। এর সঙ্গে একটি পরিকল্পিত ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ জড়িত থাকতে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন। প্রশাসনকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোথায় কোথায় এ ধরনের জালিয়াতি হচ্ছে, তা আগেই চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে।
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, সিল জালিয়াতির পাশাপাশি ব্যালট তৈরির মতো অপরাধও ঘটতে পারে। সোহেল রানার পেছনে কার ইন্ধন রয়েছে, কোন প্রার্থী বা কোন নেতার সম্পৃক্ততা আছে—তা খুঁজে বের করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে প্রতিটি ভোটকেন্দ্রে যেন জাল ভোট ও কারচুপি না হয়, সে বিষয়ে নির্বাচন কমিশন ও প্রশাসনকে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানান তিনি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, লক্ষ্মীপুর-৩ আসনের নির্বাচনের প্রধান সমন্বয়ক ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, বিএনপি নেতা হাফিজুর রহমান, সদর (পূর্ব) উপজেলা বিএনপির সভাপতি মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, চন্দ্রগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক এম ইউছুফ ভূঁইয়াসহ দলীয় নেতাকর্মীরা।
বা/মে২৪/ফা









