ইরাকের গোয়েন্দা সদর দপ্তর ও যোগাযোগ ভবনে হামলা
আন্তর্জাতিক ডেস্ক:
ইরাকের রাজধানী বাগদাদে জাতীয় গোয়েন্দা সংস্থার সদরদপ্তরে ড্রোন হামলা চালানো হয়েছে। এ ঘটনায় এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন বলে শনিবার জানিয়েছে দেশটির নিরাপত্তা কর্তৃপক্ষ।
শনিবার (২১ মার্চ) বার্তা সংস্থা রয়টার্স এ হামলার খবর নিশ্চিত করেছে।
ইরাক সরকারের নিরাপত্তা মিডিয়া ইউনিটের প্রধান জেনারেল সাদ মান জানান, স্থানীয় সময় সকাল ১০টার দিকে মানসুর জেলায় অবস্থিত ইরাকি ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিসের সদরদপ্তর লক্ষ্য করে একটি ড্রোন হামলা চালানো হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক নিরাপত্তা কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে জানান, একটি ‘যোগাযোগ ভবন’ লক্ষ্য করে ড্রোনটি হামলা চালায়। ভবনটিতে যুক্তরাষ্ট্রের উপদেষ্টাদের সঙ্গে সমন্বয় করে কাজ করা একটি ইরাকি নিরাপত্তা সংস্থা অবস্থান করত।
একই সূত্র এএফপিকে জানায়, হামলার ভিডিও ধারণকারী আরেকটি ড্রোন নিয়ন্ত্রণ হারিয়ে একটি অভিজাত স্পোর্টস ক্লাবে বিধ্বস্ত হয়, যেখানে ইরাকি অভিজাত ও বিদেশি কূটনীতিকরা যাতায়াত করেন।
এই হামলার কয়েক ঘণ্টা আগে বাগদাদে মার্কিন সামরিক স্থাপনাকেও লক্ষ্য করে পৃথক হামলা চালানো হয়। শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত অন্তত তিনটি ড্রোন হামলা চালানো হয় বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থিত একটি মার্কিন কূটনৈতিক ও লজিস্টিকস ঘাঁটিতে।
এক নিরাপত্তা কর্মকর্তা জানান, তৃতীয় হামলার পর ঘাঁটির কাছে আগুন ধরে যায়।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলার পর শুরু হওয়া আঞ্চলিক সংঘাতে ইরাক অনিচ্ছাকৃতভাবে জড়িয়ে পড়েছে। এরপর থেকে দেশটির বিভিন্ন স্থানে প্রায়ই হামলার ঘটনা ঘটছে।
এদিকে ইরাকের ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিস বা জাতীয় গোয়েন্দা সংস্থা এক বিবৃতিতে বলেছে, বাগদাদে তাদের সদর দপ্তরের কাছে ‘আইনবহির্ভূত গোষ্ঠী’র চালানো ড্রোন হামলায় এক কর্মকর্তা নিহত হয়েছেন।









