দিল্লিতে গ্রেপ্তারের মধ্যেই অভিজিৎ দ্বীপকের দাদির মৃত্যু

প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৬, ০৫:১৫ পিএম
দিল্লিতে গ্রেপ্তারের মধ্যেই অভিজিৎ দ্বীপকের দাদির মৃত্যু

সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক


ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দ্বীপকের দাদি মারা গেছেন। শনিবার (১০ অক্টোবর) মহারাষ্ট্রের হিঙ্গোলি জেলার সান্তুক পিম্পরি গ্রামে বার্ধক্য ও দীর্ঘদিনের অসুস্থতাজনিত কারণে ৮৫ বছর বয়সে তাঁর মৃত্যু হয়।


বার্তা সংস্থা আইএএনএসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। তবে দাদির মৃত্যুর খবর অভিজিৎ পেয়েছেন কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।


অভিজিৎ শনিবার সকালে মুম্বাই থেকে উড়োজাহাজে নয়াদিল্লিতে আসেন। সেখানে পৌঁছানোর পর তাঁকে ও তাঁর দুই সহযোগীকে উড়োজাহাজের ভেতর থেকেই আটক করে দিল্লি পুলিশ। দাদির মৃত্যুর সময় তিনি পুলিশের হেফাজতে ছিলেন।


কয়েক কোটি ভোটারকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার অভিযোগ তুলে ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করেছে সিজেপি। এ দাবিতে শনিবার নয়াদিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছিল দলটি।


এদিকে অভিজিতের বাবা ভগবান দ্বীপকে ও মা অনিতা বর্তমানে মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগরে রয়েছেন। অভিজিতের দাদির মৃত্যুর খবর পাওয়ার পর তাঁরা হিঙ্গোলিতে যেতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তবে অভিজিৎকে দাদির শেষকৃত্যে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হবে কি না, তা নিশ্চিত নয়।


সিজেপির বিক্ষোভ কর্মসূচি ঘিরে দিল্লিতে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। যন্তর মন্তরে দলটির সমাবেশ ঠেকাতে বিভিন্ন জায়গা থেকে দিল্লিগামী ট্রেনের যাত্রা বাতিল এবং মেট্রো পরিষেবা বন্ধ করে দেওয়ার খবরও এসেছে। পাশাপাশি মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনীর ২৩ হাজার সদস্য।


তবে সিজেপির সমর্থকেরা শেষ পর্যন্ত যন্তর মন্তরে পৌঁছাতে পেরেছেন কি না, তা এখনো স্পষ্ট নয়।


সূত্র: আইএএনএস


এমকে/বিএম২৪