দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় আটক, প্রিজন ভ্যানে নেওয়ার দাবি তৃণমূলের

প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৬, ০৫:১১ পিএম
দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় আটক, প্রিজন ভ্যানে নেওয়ার দাবি তৃণমূলের

সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক


ভারতের রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভ কর্মসূচির আগে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করেছে দিল্লি পুলিশ। শনিবার (১০ অক্টোবর) দিল্লিতে তাঁর বাসভবনের বাইরে থেকে পুলিশ ও দেশটির আধা-সামরিক বাহিনী সিআরপিএফের সদস্যরা তাঁকে আটক করেন।


ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও আরও পাঁচজনকে তাঁর বাসভবনের বাইরে থেকে আটক করা হয়েছে।


মমতার রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেসের দাবি, আটক ব্যক্তিদের একটি প্রিজন ভ্যানে করে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হচ্ছে। ভারতের নির্বাচন কমিশনের বিরুদ্ধে ককরোচ জনতা পার্টির (সিজেপি) পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীতে নিরাপত্তা জোরদার করা হয়েছিল। এর মধ্যেই আটকের ঘটনা ঘটে।


এর আগে ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে শনিবার সকাল ১০টায় নয়াদিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের ডাক দেয় সিজেপি। দিল্লি পুলিশ কর্মসূচির অনুমতি না দিলেও দলটি নির্ধারিত সময়েই বিক্ষোভ আয়োজনের ঘোষণা দিয়েছিল।


কর্মসূচিতে যোগ দিতে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ, সৌরভ ও আশুতোষ উড়োজাহাজে মুম্বাই থেকে নয়াদিল্লিতে আসেন। স্থানীয় সময় সকাল ১০টা ১৯ মিনিটে তাঁদের বহনকারী উড়োজাহাজ অবতরণ করে। এর পরপরই বিমান থেকে তাঁদের আটক করা হয়।


আটকের সময় নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সরাসরি সম্প্রচার করেন সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। ভিডিওতে দিল্লি পুলিশের সদস্যদের উড়োজাহাজে প্রবেশ করে তাঁকে এবং দলের অন্য সদস্য সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে আটক করে নিয়ে যেতে দেখা যায়।


এদিকে সিজেপির নেতাদের সঙ্গে বিক্ষোভে যোগ দিতে জার্মানি থেকে ভারতে আসা ইউটিউবার ধ্রুব রাঠীকেও গ্রেপ্তার করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার সকালে গুরুগ্রামের সেক্টর ৫৬-তে অবস্থিত তাঁর বাসভবন থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁকে গ্রেপ্তারে দিল্লি পুলিশের প্রায় ৫০ জন সদস্য অভিযান পরিচালনা করেন।


সূত্র: টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভি।


এমকে/বিএম২৪