চার দশক পর আবারও জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পেল বাংলাদেশ
সূত্রঃ সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জাতিসংঘ সদর দপ্তরে তিনি এ দায়িত্ব নেন।
এর আগে গত ২ জুন সাধারণ পরিষদের সভাপতি নির্বাচনে বাংলাদেশের প্রার্থী খলিলুর রহমান ৯৯ ভোট পেয়ে সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেয়াস এস কাকোরিসকে পরাজিত করেন। দায়িত্ব গ্রহণের আগে তিনি ৮১তম অধিবেশনকে ঘিরে নিজের কর্মপরিকল্পনা তুলে ধরেন। পরে তাঁর সভাপতিত্বে অধিবেশনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উচ্চপর্যায়ের সাধারণ বিতর্ক শুরু হবে আগামী ২২ সেপ্টেম্বর। ওই দিন বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা বক্তব্য দেবেন। এতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানেরও অংশ নেওয়ার কথা রয়েছে।
পেশাদার কূটনীতিক হিসেবে খলিলুর রহমানের জাতিসংঘে দীর্ঘ কর্মঅভিজ্ঞতা রয়েছে। ১৯৯১ সালে জেনেভায় জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সম্মেলন (আঙ্কটাড)-এর বিশেষ উপদেষ্টা হিসেবে জাতিসংঘে যোগ দেন তিনি। পরবর্তী সময়ে নিউইয়র্ক ও জেনেভায় জাতিসংঘের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে প্রায় ২৫ বছর দায়িত্ব পালন করেন। পাশাপাশি জাতিসংঘের বিভিন্ন প্রকাশনার প্রধান লেখক হিসেবেও কাজ করেছেন।
বাংলাদেশ ২০২০ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে প্রার্থিতা ঘোষণা করে। পরে চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি খলিলুর রহমানকে প্রার্থী করা হয়। এরপর উচ্চপর্যায়ের বৈঠক, দ্বিপক্ষীয় যোগাযোগ ও বহুপক্ষীয় কূটনৈতিক তৎপরতার মাধ্যমে বাংলাদেশ আন্তর্জাতিক সমর্থন নিশ্চিত করে।
এর আগে ১৯৮৬ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করেছিলেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্রসচিব হুমায়ুন রশিদ চৌধুরী। ফলে প্রায় চার দশক পর আবারও এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পেল বাংলাদেশ।
এমকে/বিএম২৪









