ধ্বংসস্তূপ থেকে অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: হুইপ দুলু

প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৬, ০৫:০২ পিএম
ধ্বংসস্তূপ থেকে অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: হুইপ দুলু

সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক


বিগত সরকারের সীমাহীন লুটপাট ও অর্থ পাচারে ক্ষতিগ্রস্ত অর্থনীতিকে পুনর্গঠন করে দেশকে ঘুরে দাঁড় করাতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু।


সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের আকরাম খাঁ হলে বাংলাদেশ উন্মুক্ত গণতান্ত্রিক পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


হুইপ দুলু বলেন, ধ্বংসস্তূপের মধ্য থেকে অর্থনৈতিক পুনর্গঠন এবং জনগণের প্রত্যাশা পূরণে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।


বিগত শাসনব্যবস্থার সমালোচনা করে তিনি বলেন, গত প্রায় ২০ বছর দেশে গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনী ব্যবস্থা ছিল না। জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছিল। ছাত্র-জনতা ও বিভিন্ন রাজনৈতিক দলের ধারাবাহিক আন্দোলন, অগণিত মানুষের রক্ত ও দীর্ঘ ত্যাগের মধ্য দিয়ে দেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে। এর ফলে মানুষ গণতন্ত্র ও স্বাধীনভাবে কথা বলার অধিকার ফিরে পেয়েছে।


বিগত সরকারের সীমাহীন লুটপাট ও অর্থ পাচারের কারণে দেশের অর্থনীতি ধ্বংসের মুখে পড়েছিল বলে মন্তব্য করেন হুইপ দুলু। এ পরিস্থিতি থেকে উত্তরণে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে তিনি বলেন, সাধারণ মানুষের সামাজিক ও অর্থনৈতিক স্বাবলম্বিতা নিশ্চিত করতে ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড বিতরণ শুরু হয়েছে। পাশাপাশি ইমাম ও বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের ভাতার আওতায় আনার মতো জনকল্যাণমূলক পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।


সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে হুইপ দুলু বলেন, ‘আপনি আসেন, আমরা আপনার জন্য অপেক্ষা করছি। বাংলাদেশের সাধারণ মানুষও আপনার অপেক্ষায় রয়েছে।’


গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে একসঙ্গে লড়াই করা বিরোধী দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, অর্জিত গণতন্ত্র যেন আবারও বিপন্ন না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। নতুন সরকারকে স্বাচ্ছন্দ্যে কাজ করার সুযোগ দিতে বিরোধী দলগুলোর প্রতি সহযোগিতার আহ্বান জানান তিনি।


হুইপ দুলু আরও বলেন, পরাজিত ফ্যাসিবাদী শক্তি যাতে কোনোভাবেই সুযোগ নিতে না পারে, সে জন্য গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখা জরুরি। অর্থনৈতিক পুনর্গঠনের স্বার্থে সরকার ও বিরোধী দল নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।


বাংলাদেশ উন্মুক্ত গণতান্ত্রিক পরিষদের সভাপতি মো. রমিজ উদ্দিন কাজীর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মোস্তফা কামাল মজুমদার ও জাতীয় সংসদ সদস্য শওকত আরা আক্তার উর্মি। এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের বিশিষ্ট ব্যক্তি ও সংবাদমাধ্যমের প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।


এমকে/বিএম২৪