পঞ্চগড়ে জেলা পরিষদ প্রশাসক নিয়োগ নিয়ে বিতর্ক, অপসারণের দাবিতে ব্যানার

প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯ এএম
পঞ্চগড়ে জেলা পরিষদ প্রশাসক নিয়োগ নিয়ে বিতর্ক, অপসারণের দাবিতে ব্যানার

সূত্রঃ সংগৃহীত

সাইয়্যেদ মুহাম্মদ শান্ত, পঞ্চগড় প্রতিনিধি


সাবেক জেলা পরিষদ প্রশাসকের মৃত্যুর এক সপ্তাহের মধ্যে নতুন প্রশাসক নিয়োগ এবং নবনিযুক্ত প্রশাসক এম. এ. মজিদের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগকে কেন্দ্র করে পঞ্চগড়ে বিতর্ক তৈরি হয়েছে। এবার তাঁর অপসারণের দাবিতে পঞ্চগড় জেলা বিএনপি কার্যালয়ের সামনে একটি ব্যানার টানানো হয়েছে।


ব্যানারে এম. এ. মজিদকে ‘দুর্নীতিবাজ, টেন্ডারবাজ ও অরাজনৈতিক’ হিসেবে উল্লেখ করে তাঁকে জেলা পরিষদের প্রশাসক পদ থেকে অপসারণের দাবি জানানো হয়। এতে আয়োজক হিসেবে ‘পঞ্চগড়বাসী’ লেখা রয়েছে।


এর আগে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান জাপান তাঁর ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসক এম. এ. মজিদের নিয়োগ পুনর্বিবেচনার দাবি জানান।


পোস্টে তিনি দাবি করেন, আব্দুল মজিদ সাবেক স্পিকারের এপিএস হিসেবে দায়িত্ব পালনকালে দুর্নীতি, অনিয়ম ও টেন্ডারবাজিসহ বিভিন্ন অভিযোগে বিতর্কিত ছিলেন। ঘাস কাটার টেন্ডার, কার্পেট চুরি এবং সংসদীয় বিভিন্ন কর্মকাণ্ডে অনিয়মের অভিযোগও তিনি উল্লেখ করেন। তবে এসব দাবির পক্ষে পোস্টে কোনো নথি বা তদন্ত প্রতিবেদনের উল্লেখ করা হয়নি।


রোকনুজ্জামান জাপান আরও দাবি করেন, গত ১৭ বছরে পঞ্চগড়ের সাধারণ মানুষের অধিকার আদায়ের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে এম. এ. মজিদকে সক্রিয়ভাবে দেখা যায়নি। একই সঙ্গে তাঁর নিয়োগের প্রক্রিয়া এবং তাঁর বিরুদ্ধে থাকা অভিযোগগুলো যথাযথভাবে যাচাই করা হয়েছে কি না, তা জনসম্মুখে স্পষ্ট করার দাবি জানান তিনি।


জেলা ছাত্রদল নেতার এমন বক্তব্যের পর বিএনপি কার্যালয়ের সামনে এম. এ. মজিদের অপসারণের দাবিতে ব্যানার টানানোর ঘটনায় জেলা পরিষদের প্রশাসক নিয়োগ নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।


এর আগে গত ৩১ আগস্ট ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান পঞ্চগড় জেলা পরিষদের সাবেক প্রশাসক তৌহিদুল ইসলাম। তাঁর মৃত্যুর পর জেলা পরিষদের প্রশাসকের পদটি শূন্য হয়। এর সাত দিনের মাথায়, ৭ সেপ্টেম্বর স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার শাখা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম. এ. মজিদকে পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেয়।


তবে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ এবং অপসারণের দাবিতে ব্যানার টানানোর বিষয়ে এম. এ. মজিদের বক্তব্য জানা যায়নি।



এমকে/বিএম২৪