বেনাপোলে ভারতে পালানোর চেষ্টায় সাবেক ইউপি চেয়ারম্যান আটক

প্রকাশিত: ০৪ আগস্ট ২০২৬, ০৮:০০ পিএম
বেনাপোলে ভারতে পালানোর চেষ্টায় সাবেক ইউপি চেয়ারম্যান আটক

সূত্রঃ সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, বেনাপোল:


ভারতে যাওয়ার সময় বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে স্টপ লিস্টে থাকা টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হুমায়ুন তালুকদার (৫৮) আটক হয়েছেন।


সোমবার (৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে ভারতগামী যাত্রী হিসেবে বেনাপোল ইমিগ্রেশন দিয়ে পার হওয়ার চেষ্টা করলে দায়িত্বরত ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে।


আটক হুমায়ুন তালুকদার টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার শুভলা গ্রামের আব্দুর রশিদ তালুকদারের ছেলে। তিনি গোড়াই ইউনিয়ন পরিষদের একাধিকবারের চেয়ারম্যান ছিলেন। এছাড়া স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গেও সম্পৃক্ত ছিলেন বলে জানা গেছে।


ইমিগ্রেশন সূত্র জানায়, হুমায়ুন তালুকদার তার পাসপোর্ট ব্যবহার করে ভারত যাওয়ার জন্য ইমিগ্রেশনে উপস্থিত হন। পাসপোর্ট যাচাইয়ের সময় সেটি স্টপ লিস্টে অন্তর্ভুক্ত থাকায় ইমিগ্রেশন পুলিশের নজরে আসে। এরপর তাৎক্ষণিকভাবে তাকে আটক করা হয়।


প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে বিষয়টি বেনাপোল পোর্ট থানাকে জানানো হলে থানা পুলিশ তাকে নিজেদের হেফাজতে নেয়।


পুলিশ জানায়, হুমায়ুন তালুকদারের বিরুদ্ধে টাঙ্গাইলের মির্জাপুর থানায় দায়ের হওয়া একটি গুরুতর মামলা রয়েছে। গত ৪ জানুয়ারি ২০২৬ দায়ের করা ওই মামলায় তার বিরুদ্ধে দ্রুত বিচার আইন, ২০০২-এর ৪/৫ ধারা এবং দণ্ডবিধি, ১৮৬০-এর ১৪৩, ১৪৭, ৪৪৭, ৩২৩, ৩২৪, ৩২৬, ৩০৭ ও ৩৪ ধারায় অভিযোগ রয়েছে।


বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, আটক ব্যক্তিকে টাঙ্গাইলের মির্জাপুর থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।