শরীয়তপুরের গোসাইরহাটে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৩ পিএম
শরীয়তপুরের গোসাইরহাটে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান

সূত্রঃ সংগৃহীত

রবিউল মোল্লা,শরীয়তপুর জেলা প্রতিনিধি


শরীয়তপুরের গোসাইরহাটে ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’-এর অংশ হিসেবে সচেতনতা ও পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। এডিস মশার বিস্তার রোধ, ডেঙ্গু প্রতিরোধ এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরির লক্ষ্যে এ কার্যক্রম পরিচালনা করা হয়।


উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ অভিযানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় সর্বস্তরের মানুষ অংশ নেন।


অভিযানের সময় গোসাইরহাট উপজেলা পরিষদ চত্বর, হাসপাতাল এলাকা, প্রধান সড়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা ও ডাবের খোসা পরিষ্কার করা হয়। পাশাপাশি এডিস মশার বংশবিস্তার রোধে মশক নিধন ওষুধও স্প্রে করা হয়।


কার্যক্রম শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, শুধু সরকারি উদ্যোগের মাধ্যমে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়। ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেককে নিজ নিজ বাসাবাড়ি, আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।


তারা বলেন, এডিস মশা সাধারণত জমে থাকা পরিষ্কার পানিতে বংশবিস্তার করে। তাই বাড়ির আশপাশে কোথাও পানি জমতে না দেওয়ার পাশাপাশি নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে।


সকলের সম্মিলিত প্রচেষ্টায় ডেঙ্গুমুক্ত গোসাইরহাট গড়ে তুলতে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।


এমকে/বিএম২৪