শরীয়তপুরে ফুটপাত-সড়ক দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৪ এএম
শরীয়তপুরে ফুটপাত-সড়ক দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

সূত্রঃ সংগৃহীত

 রবিউল মোল্লা, শরীয়তপুর প্রতিনিধি


শরীয়তপুরের গোসাইরহাট বাজারে যানজট নিরসন, পথচারীদের চলাচল স্বাভাবিক করা এবং বাজারের নিরাপত্তা নিশ্চিত করতে অবৈধ দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।


মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত বাজারের বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় ফুটপাত ও সড়কের জায়গা দখল করে স্থাপন করা অস্থায়ী দোকান, সামিয়ানা, ত্রিপলসহ বিভিন্ন অবৈধ স্থাপনা সরিয়ে দেওয়া হয়। এতে বাজারের গুরুত্বপূর্ণ সড়ক ও ফুটপাতের বেশ কিছু অংশ দখলমুক্ত হয়।


অভিযানে নেতৃত্ব দেন গোসাইরহাট পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান। এ সময় পৌরসভার নির্বাহী কর্মকর্তা আব্দুল আলিম মোল্লা উপস্থিত ছিলেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গোসাইরহাট থানা পুলিশ অভিযানে সহযোগিতা করে।


স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা জানান, দীর্ঘদিন ধরে বাজারের প্রধান সড়ক ও ফুটপাতের বড় অংশ পণ্যসামগ্রী, অস্থায়ী দোকান, সামিয়ানা ও ত্রিপল দিয়ে দখল করে ব্যবসা পরিচালনা করা হচ্ছিল। এতে ফুটপাত দিয়ে পথচারীদের চলাচল কঠিন হয়ে পড়ার পাশাপাশি সড়ক সংকুচিত হয়ে নিয়মিত যানজট সৃষ্টি হতো। একই সঙ্গে ফায়ার সার্ভিসসহ জরুরি সেবাদানকারী যানবাহনের চলাচলও বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা ছিল।


অভিযানকে স্বাগত জানিয়ে বাজারের ব্যবসাপ্রতিষ্ঠান আদি দেবনাথের কর্ণধার সমরেশ দেবনাথ বলেন, ২০২২ ও ২০২৪ সালে বাজারে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সে সময় ফুটপাতজুড়ে টানানো সামিয়ানা ও ত্রিপলের কারণে ফায়ার সার্ভিসের গাড়ি দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। ফুটপাত দখলমুক্ত থাকলে ভবিষ্যতে জরুরি পরিস্থিতিতে উদ্ধারকারী যানবাহন দ্রুত চলাচল করতে পারবে।


ব্যবসায়ী মোহাম্মদ সাইফুল বয়াতি বলেন, ফুটপাত দখল হয়ে থাকায় মালবাহী গাড়ি চলাচলে সমস্যা হতো। একই সঙ্গে পথচারীদেরও ভোগান্তি পোহাতে হতো। বাজারের প্রায় সব গলিতেই এমন পরিস্থিতি তৈরি হয়েছিল। প্রশাসনের এই উদ্যোগে ব্যবসায়ী ও সাধারণ মানুষ উভয়েই উপকৃত হবেন।


ভ্যানচালক রাজিব বলেন, দোকানের মালামাল ও বিভিন্ন স্থাপনা দিয়ে রাস্তার অংশ দখল থাকায় সড়ক সংকুচিত হয়ে পড়েছিল। এতে ভ্যান নিয়ে চলাচলে দুর্ভোগ হতো। উচ্ছেদ অভিযানের পর রাস্তা কিছুটা প্রশস্ত হওয়ায় চলাচলে স্বস্তি ফিরেছে।


অভিযান শেষে শেখ নওশাদ হাসান বলেন, গত ২৬ জুলাই অনুষ্ঠিত একটি সভায় বাজারের দখল ও যানজটের বিষয়টি নিয়ে আলোচনা হয়েছিল। জাতীয় সংসদের হুইপ ও সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুও বিষয়টি সম্পর্কে অবগত রয়েছেন। জনস্বার্থের পাশাপাশি বাজারের আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে।


তিনি আরও বলেন, বাজারকে নিরাপদ, সুশৃঙ্খল ও চলাচলের উপযোগী রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



এমকে/বিএম২৪