সোনারগাঁয়ে ডাকাতের কবলে রফিকুল ইসলাম মাদানী, অল্পের জন্য রক্ষা

প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৬, ০৪:০৪ পিএম
সোনারগাঁয়ে ডাকাতের কবলে রফিকুল ইসলাম মাদানী, অল্পের জন্য রক্ষা

সংগৃহীত

জেলা প্রতিনিধি


নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এশিয়ান হাইওয়ের পাকুন্ডা এলাকায় ডাকাত দলের কবলে পড়ার অভিযোগ করেছেন ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানী। তবে গাড়িচালকের তাৎক্ষণিক বুদ্ধিমত্তায় বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছেন তিনি ও তাঁর সঙ্গে থাকা ব্যক্তিরা।


রোববার (২৫ অক্টোবর) রাতে কুমিল্লায় একটি ওয়াজ মাহফিল শেষে ঢাকায় ফেরার পথে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন রফিকুল ইসলাম মাদানী।


ফেসবুক লাইভে এসে তিনি জানান, বস্তল থেকে গাউসিয়াগামী সড়কের পাকুন্ডা এলাকায় পৌঁছালে একদল ডাকাত তাঁদের গাড়ির গতিরোধের চেষ্টা করে। এ সময় মহাসড়কের ওপর বড় বড় ইট-পাথর ফেলে রাখা হয়েছিল বলে অভিযোগ করেন তিনি।


রফিকুল ইসলাম মাদানীর ভাষ্য অনুযায়ী, পরিস্থিতি আঁচ করতে পেরে চালক দ্রুত গাড়িটি প্রায় ২০০ থেকে ৩০০ গজ পেছনে সরিয়ে নেন। এতে তাঁরা নিরাপদ দূরত্বে সরে গিয়ে সম্ভাব্য বিপদ থেকে রক্ষা পান।


তিনি আরও অভিযোগ করেন, ওই সময় ডাকাত দলের সদস্যরা আশপাশের কয়েকজন যাত্রীর কাছ থেকে টাকা-পয়সাসহ বিভিন্ন মালামাল ছিনিয়ে নেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও অন্ধকারের সুযোগে অভিযুক্তরা পালিয়ে যায়।


ঘটনায় উদ্বেগ প্রকাশ করে রফিকুল ইসলাম মাদানী বলেন, ওয়াজ মাহফিল শেষে ফেরার পথে এমন পরিস্থিতির মুখোমুখি হওয়া উদ্বেগজনক। এ সময় তিনি আলেম-ওলামাদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তোলেন। মহান আল্লাহর রহমতে তাঁরা প্রাণে বেঁচে গেছেন বলেও উল্লেখ করেন তিনি।


এমকে/বিএম২৪