স্ত্রীকে শ্বশুরবাড়িতে রেখে ফেরেননি, সকালে স্বামীর মরদেহ মিলল আখক্ষেতে
সূত্রঃ সংগৃহীত
জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বীরনগরে আখক্ষেত থেকে তমেজুল ইসলাম (৪৬) নামে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মোটরসাইকেল ছিনতাইয়ের পর তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ ও স্থানীয়রা।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে বীরনগরের একটি আখক্ষেতে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পরে পাঁচবিবি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নিহত তমেজুল ইসলাম পাঁচবিবি উপজেলার আটুল গ্রামের বাসিন্দা। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার (১১ সেপ্টেম্বর) দিনাজপুরের বিরামপুর উপজেলার দেওর শৌলাহাট এলাকায় শ্বশুরবাড়িতে স্ত্রীর সঙ্গে তার ঝগড়া হয়। একপর্যায়ে রাত আনুমানিক ৯টার দিকে মোটরসাইকেলে করে নিজ বাড়ি পাঁচবিবির আটুল গ্রামের উদ্দেশে রওনা দেন তমেজুল। এরপর রাতে পরিবারের সদস্যদের সঙ্গে তার আর কোনও যোগাযোগ হয়নি।
শনিবার সকালে বীরনগরের আখক্ষেতে তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয়দের প্রাথমিক ধারণা, বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তমেজুলকে হত্যা করে তার মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যেতে পারে। তবে হত্যার প্রকৃত কারণ এবং মোটরসাইকেলটি ছিনতাই হয়েছে কিনা, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
পাঁচবিবি থানার ওসি (তদন্ত) মোকলেছুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট ৪০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। হত্যার কারণ ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।
এমকে/বিএম২৪









