জুলাই গণঅভ্যুত্থান: ফেরদৌস, শাওনসহ ২৮ সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

প্রকাশিত: ২৬ জুলাই ২০২৬, ১১:২০ পিএম
জুলাই গণঅভ্যুত্থান: ফেরদৌস, শাওনসহ ২৮ সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: জুলাই গণ–অভ্যুত্থান চলাকালে সংঘটিত হত্যাযজ্ঞ ও মানবতাবিরোধী অপরাধের ঘটনায় সাবেক সংসদ সদস্য ও চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, অভিনেত্রী মেহের আফরোজ শাওন এবং আশরাফুল আলম ওরফে হিরো আলমসহ সাংস্কৃতিক অঙ্গনের ২৮ জন বিশিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে।আজ রোববার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামের কাছে সংগঠনটির পক্ষ থেকে এ অভিযোগ দাখিল করেন 'রাষ্ট্রসংলাপ ফোরাম' (এসডিএফ)-এর কেন্দ্রীয় সদস্য সচিব আল নূর মোহাম্মদ আয়াস।

অভিযোগে উল্লেখিত ২৮ জন অভিযুক্ত হলেন— চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, মেহের আফরোজ শাওন, চিত্রনায়ক রিয়াজ আহমেদ, অভিনেত্রী অরুণা বিশ্বাস, শমী কায়সার, রোকেয়া প্রাচী, মাহিয়া মাহি, নিপুণ আক্তার, তানভীন সুইটি, হৃদি হক, জ্যোতিকা জ্যোতি, সাজু খাদেম, সোহানা সাবা, পিয়া জান্নাতুল, শামীমা তুষ্টি, আশরাফুল আলম (হিরো আলম), আশনা হাবীব ভাবনা, সাইমন সাদিক, সুজাতা আজিম, জায়েদ খান, আজিজুল হাকিম, চন্দন রেজা, আসাদুজ্জামান নূর, মারিয়া কিসপট্টা, শান্তা ফারজানা, মোমিন মেহেদী, সোমা ইসলাম এবং সাংবাদিক আনিস আলমগীর।

এসডিএফের অভিযোগে দাবি করা হয়েছে, জুলাই গণ–অভ্যুত্থান চলাকালীন সংঘটিত মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার ঘটনাগুলোতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উসকানি, প্ররোচনা এবং সহযোগিতার সাথে অভিযুক্তরা জড়িত ছিলেন। সংগঠনটি জানায়, ঘটনাগুলোর নিরপেক্ষ, স্বচ্ছ ও আইনানুগ তদন্ত নিশ্চিত করার স্বার্থেই ট্রাইব্যুনালে এই আনুষ্ঠানিক আবেদন জমা দেওয়া হয়েছে।অভিযোগ জমা দেওয়া শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসডিএফের কেন্দ্রীয় সদস্য সচিব আল নূর মোহাম্মদ আয়াস বলেন, "জুলাই গণ–অভ্যুত্থানের এত রক্তক্ষয় ও ত্যাগের পরও সাংস্কৃতিক অঙ্গনের একাংশ এখনও এটি নিয়ে নানা ধরনের কটূক্তি ও আপত্তিকর বক্তব্য দিয়ে যাচ্ছে।

একটি দায়িত্বশীল রাষ্ট্রের আইনি কাঠামোর ভেতর থেকেই এদের জবাবদিহি নিশ্চিত করা প্রয়োজন।"আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন দল থেকে জানানো হয়েছে, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং নিয়ম অনুযায়ী প্রাথমিক পর্যালোচনা ও তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।