ভাগাবাজারে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু
প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট প্রতিনিধি:
মোংলা-খুলনা মহাসড়কের রামপাল উপজেলার ভাগাবাজার এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় হাফেজ ইবারত আলী (৫০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
সোমবার (২৭ জুলাই) সকাল আনুমানিক ১০টার দিকে দুর্ঘটনাটি ঘটে।
নিহত ইবারত আলী উপজেলার ইসলামাবাদ গ্রামের বাসিন্দা। ধর্মীয় শিক্ষায় অবদানের কারণে তিনি এলাকায় ‘বড় হাফেজ সাহেব’ হিসেবে সুপরিচিত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোংলা থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি যাত্রীবাহী বাস ভাগাবাজার এলাকায় একই দিকে চলাচলরত মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়। সংঘর্ষের পর মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে যান ইবারত আলী। এরপর বাসের চাকার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ভিড় করেন এবং পুলিশকে বিষয়টি জানান। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া সম্পন্নের উদ্যোগ নেয়। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।








