পূজামণ্ডপে দেওয়া বক্তব্যের জন্য ক্ষমা চাইলেন হুইপ নিজান
ছবি: সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
জাতীয় সংসদের সরকারদলীয় হুইপ ও লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য এ বি এম আশরাফ উদ্দিন নিজান পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে দেওয়া বক্তব্যের একটি অংশ নিয়ে সৃষ্ট বিতর্কের জন্য ক্ষমা চেয়েছেন। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে ক্ষোভ প্রকাশকারীদের কাছে দুঃখ প্রকাশ করেছেন তিনি।
শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন নিজান।
পোস্টে তিনি লেখেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে দেওয়া বক্তব্যের কিছু বাক্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন। বিষয়টি তার দৃষ্টিগোচর হয়েছে।
নিজের নির্বাচনী এলাকার বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতা, সুশীলসমাজের প্রতিনিধি, তরুণ-তরুণী ও শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশে তিনি বলেন, তার বক্তব্যের যে অংশ ধর্মীয়ভাবে বিভিন্ন বিতর্কের জন্ম দিয়েছে, সে অংশের জন্য মহান আল্লাহর কাছে বিনীতভাবে ক্ষমা প্রার্থনা করছেন। একই সঙ্গে সবার কাছে দুঃখ প্রকাশ করছেন।
নিজান আরও জানান, তিনি বর্তমানে পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবের মদিনায় অবস্থান করছেন। সেখান থেকে তিনি দোয়া করেছেন, মহান আল্লাহ যেন তার ঈমান আরও সুদৃঢ় ও মজবুত করেন এবং সবাইকে কল্যাণে নিয়োজিত থাকার তৌফিক দেন। এ জন্য তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।
এর আগে গত ২০ অক্টোবর রামগতি উপজেলার চর রমিজ ইউনিয়নের রঘুনাথপুর পূজামণ্ডপ পরিদর্শনকালে আশরাফ উদ্দিন নিজান বলেছিলেন, ‘ভগবানের কাছে প্রার্থনা করি, কেউ আমার সঙ্গে থাকুক আর না থাকুক, ভগবান যেন আমাকে শক্তি ও সামর্থ্য দেন, যাতে আমি আপনাদের (হিন্দু সম্প্রদায়ের) জন্য কিছু করতে পারি।’
তার ওই বক্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হয়। বক্তব্যের ওই অংশ নিয়ে অনেকে ক্ষোভ প্রকাশ করেন এবং তাকে ক্ষমা চাওয়ার আহ্বান জানান।
এমকে/বিএম২৪








