ভোটার তালিকা সংশোধনের প্রতিবাদে নামছেন ভারতের অর্থমন্ত্রীর স্বামী

প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৬, ০৮:৫৯ পিএম
ভোটার তালিকা সংশোধনের প্রতিবাদে নামছেন ভারতের অর্থমন্ত্রীর স্বামী

সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক


ভারতের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিতে যাচ্ছেন দেশটির কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের স্বামী ও বিশিষ্ট অর্থনীতিবিদ পারকালা প্রভাকর।


শুক্রবার (২৩ অক্টোবর) আয়োজিত এ কর্মসূচিতে তাঁর সঙ্গে একই মঞ্চে থাকার কথা রয়েছে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে এবং অভিনেতা-অ্যাক্টিভিস্ট প্রকাশ রাজের।


‘পিপল এগেইনস্ট এসআইআর’ জোটের উদ্যোগে আয়োজিত এ প্রতিবাদ কর্মসূচিতে অধিকারকর্মী, রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিশিষ্টজনেরা অংশ নেবেন। আয়োজকদের দাবি, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া বাতিল করতে হবে এবং প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারকে পদত্যাগ করতে হবে।


সরকারের অর্থনৈতিক নীতির কড়া সমালোচক হিসেবে পরিচিত পারকালা প্রভাকর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে কর্মসূচিতে অংশ নেওয়ার কথা জানিয়ে লিখেছেন, ‘প্রতিটি গলিতে জন্তর মন্তর! শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬। গণতন্ত্র পুনরুদ্ধারে জনগণের পদযাত্রা। আসুন, চ্যালেঞ্জ মোকাবিলায় এগিয়ে আসি।’


এ কর্মসূচিতে প্রভাকর ছাড়াও জ্যেষ্ঠ আইনজীবী প্রশান্ত ভূষণ, কৃষক নেতা রাকেশ টিকায়েত, অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) সভাপতি নেহা বোরা এবং লেখক তুষার গান্ধীর অংশ নেওয়ার কথা রয়েছে। এসআইআরবিরোধী জোটটি বিরোধী দলগুলোর ইন্ডিয়া ব্লকের দলগুলোকেও কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে। তবে তাদের অংশগ্রহণ এখনো নিশ্চিত হয়নি।

কে এই পারকালা প্রভাকর?

গত ৮ অক্টোবর বেঙ্গালুরুর ফ্রিডম পার্কে ককরোচ জনতা পার্টির (সিজেপি) আয়োজিত প্রতিবাদ কর্মসূচিতেও অংশ নিয়েছিলেন পারকালা প্রভাকর। ওই কর্মসূচিতে তাঁর সঙ্গে ছিলেন ইউটিউবার ধ্রুব রাঠি ও অভিনেতা প্রকাশ রাজসহ অন্যরা।


স্ত্রী নির্মলা সীতারমণের সঙ্গে বিজেপির দীর্ঘদিনের সম্পর্ক থাকলেও প্রভাকর ক্ষমতাসীন দলটির একজন স্পষ্টভাষী সমালোচক হিসেবে পরিচিত। ‘দ্য ক্রুকড টিম্বার অব নিউ ইন্ডিয়া’ বইয়ে তিনি ভারতের বিভিন্ন সরকারি সিদ্ধান্তের সমালোচনা করেছেন। এর মধ্যে রয়েছে নোট বাতিলের সিদ্ধান্ত। এ ছাড়া তিনি ক্রমবর্ধমান বেকারত্ব এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর দুর্বল হয়ে পড়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।


অন্ধ্রপ্রদেশের নারসাপুরামে জন্ম নেওয়া প্রভাকরের সঙ্গে নির্মলা সীতারমণের পরিচয় দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে (জেএনইউ) পড়াশোনার সময়। রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে ভিন্নতা থাকলেও ১৯৮৬ সালে তাঁরা বিয়ে করেন।


২০০৯ সালে অভিনেতা চিরঞ্জীবীর প্রতিষ্ঠিত প্রজা রাজ্যম পার্টির সঙ্গে যুক্ত হওয়ার মধ্য দিয়ে প্রভাকরের রাজনৈতিক সম্পৃক্ততা শুরু হয়। পরে ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর সরকারের যোগাযোগবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।


২০১৮ সালের এপ্রিলে আকস্মিকভাবে পদত্যাগ করেন প্রভাকর। এর কয়েক সপ্তাহ আগে অন্ধ্রপ্রদেশকে বিশেষ মর্যাদা দেওয়ার দাবিতে বিরোধের জেরে এনডিএ জোট ছাড়ে তেলুগু দেশম পার্টি (টিডিপি)। সে সময় বিরোধীরা অভিযোগ করেছিল, অন্ধ্রপ্রদেশকে বিশেষ মর্যাদা দেওয়ার দাবিতে কেন্দ্রীয় সরকারের অবস্থান নিয়ে বিজেপি ও টিডিপির মধ্যে মতবিরোধ তৈরি হয়েছিল।


এমকে/বিএম২৪