ব্যাংকের সাপ্তাহিক ছুটি এক দিন করার দাবি দোকান মালিক সমিতির

প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৬, ০১:৩১ পিএম
ব্যাংকের সাপ্তাহিক ছুটি এক দিন করার দাবি দোকান মালিক সমিতির

সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক


দেশের সব বাণিজ্যিক ব্যাংকের সাপ্তাহিক ছুটি কমিয়ে এক দিন করার দাবি জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। ব্যবসায়িক কার্যক্রম সচল রাখা, আর্থিক লেনদেনের বাধা কমানো এবং ব্যবসায়ীদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এ দাবি জানিয়েছে সংগঠনটি।


শনিবার (২৪ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন।


সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যবসায়ীদের জানমালের নিরাপত্তা ও আর্থিক ক্ষয়ক্ষতি রোধে কোনোভাবেই দেশকে দীর্ঘ ছুটির ফাঁদে ফেলা উচিত নয়। বিদ্যুৎ, পানি, গ্যাস, থানা ও হাসপাতালের মতো জরুরি সেবা বন্ধ রাখা যায় না। একইভাবে ব্যাংকও এক দিনের বেশি বন্ধ রাখা উচিত নয় বলে মনে করে সংগঠনটি।


সমিতির অভিযোগ, বিভিন্ন অজুহাতে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটির সঙ্গে অতিরিক্ত এক দিন ব্যাংক বন্ধ রাখা হয়। আবার কোনো কোনো ক্ষেত্রে ছুটির দিনে ব্যাংক খোলা রেখে বৃহস্পতিবার বা রোববার বন্ধ ঘোষণা করা হয়। এতে দীর্ঘ ছুটির সৃষ্টি হয়, যা ব্যবসায়িক কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলে।


বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ব্যাংক একটি আর্থিক সেবামূলক খাত। সপ্তাহে দুই দিন ছুটি, ঈদুল ফিতর, ঈদুল আজহা, পূজা, বড়দিনসহ বিভিন্ন সরকারি ও অন্যান্য ছুটি মিলিয়ে বছরে প্রায় ১২০ থেকে ১৩০ দিন ব্যাংক বন্ধ থাকে। এর ফলে ব্যাংকিং লেনদেনে ব্যবসায়ীদের ব্যাপক সমস্যায় পড়তে হয়।


দোকান মালিক সমিতির দাবি, সাধারণত ব্যবসায়ীদের ব্যাংকঋণের বিপরীতে ১৪ থেকে ১৫ শতাংশ সুদ দিতে হয়। কিন্তু দীর্ঘ ছুটির কারণে সেই সুদের চাপ বেড়ে ২৫ থেকে ৩০ শতাংশে দাঁড়ায়। এতে ব্যবসার ব্যয় বাড়ার পাশাপাশি ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন।


সংগঠনটি আরও জানায়, বর্তমানে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে পাঁচ থেকে ছয় ঘণ্টার বেশি সময় লাগে না। তারপরও দীর্ঘ ছুটির কারণে পর্যটন, জ্বালানি, হোটেল-রেস্তোরাঁসহ খুচরা ও পাইকারি ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিপুল পরিমাণ অর্থ নিয়ে বিপাকে পড়তে হয়।


বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, পাঁচ থেকে সাত দিনের ছুটিতে হাজার হাজার কোটি টাকার লেনদেন আটকে যায়। বিপুল পরিমাণ অর্থ ঘরে বা ব্যবসাপ্রতিষ্ঠানে রাখা ঝুঁকিপূর্ণ হওয়ায় ব্যবসায়ীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ে। এ ছাড়া দীর্ঘ ছুটির কারণে চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা বেড়ে যাওয়ার আশঙ্কাও থাকে বলে দাবি করেছে সংগঠনটি।


এ পরিস্থিতিতে দেশের সামগ্রিক বাণিজ্যিক কার্যক্রম সচল রাখা, ব্যাংকিং লেনদেনের প্রতিবন্ধকতা দূর করা এবং ব্যবসায়ীদের ক্ষয়ক্ষতি কমাতে সপ্তাহে এক দিন ব্যাংক বন্ধ রাখার ব্যবস্থা গ্রহণের জন্য প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি।


এমকে/বিএম২৪