গ্রেপ্তারের আগে সিজেপির ভারপ্রাপ্ত নেতা হিসেবে অজিঙ্কা শিন্ডের নাম ঘোষণা দীপকের
সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্ক
ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) ভারপ্রাপ্ত শীর্ষ নেতা ও সংগঠক হিসেবে অজিঙ্কা শিন্ডের নাম ঘোষণা করেছেন দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। শনিবার (১০ অক্টোবর) নয়াদিল্লিতে পৌঁছানোর আগেই এক ভিডিওবার্তায় এ ঘোষণা দেন তিনি।
ভিডিওবার্তায় অভিজিৎ দীপকে বলেন, “আপনারা যখন এই ভিডিওটি দেখবেন, ততক্ষণে আমি, সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কা গ্রেপ্তার হয়ে যাব। আমাদের অনুপস্থিতিতে অজিঙ্কা এই আন্দোলন ও সিজেপিকে এগিয়ে নিয়ে যাবে। আপনারা তাকে অনুসরণ করবেন।”
ভারতের ভোটার তালিকায় অনিয়মসহ বিভিন্ন ত্রুটি ও কারচুপির অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে শনিবার নয়াদিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছিল সিজেপি। দিল্লি পুলিশ এ কর্মসূচির অনুমতি না দিলেও নির্ধারিত সময়েই বিক্ষোভ আয়োজনের ঘোষণা দিয়েছিল দলটি।
কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীতে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করে দিল্লি পুলিশ। প্রতিবেদনে বলা হয়েছে, শহরে ২৫ হাজারের বেশি পুলিশ ও আধাসামরিক বাহিনী সিআরপিএফের সদস্য মোতায়েন করা হয়। বিভিন্ন স্থানে বসানো হয় ৩০০টির বেশি ক্যামেরা। এ ছাড়া নয়াদিল্লির ৪৫টি মেট্রো স্টেশন বন্ধ এবং দিল্লিগামী ২৫০টি ট্রেনের যাত্রা বাতিল করা হয়।
শনিবারের বিক্ষোভে যোগ দিতে মুম্বাই থেকে উড়োজাহাজে নয়াদিল্লিতে আসেন অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা। তাঁদের বহনকারী উড়োজাহাজ রানওয়েতে অবতরণের পরই ভেতর থেকে তিনজনকে আটক করা হয়।
এ ছাড়া ইউটিউবার ও ইনফ্লুয়েন্সার ধ্রুব রাঠী এবং সিজেপির আইনশাখার প্রধান রত্না সিংহকেও আটক করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
গত শুক্রবার সন্ধ্যা থেকে নয়াদিল্লি ও আশপাশের এলাকায় অভিযান চালাচ্ছে পুলিশ। এ অভিযানে এখন পর্যন্ত এক হাজারের বেশি মানুষকে আটক করা হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
সূত্র: এনডিটিভি
এমকে/বিএম২৪









