নড়িয়ায় মা ইলিশ রক্ষা অভিযানে কারেন্ট জালসহ আটক ৩ জেলে

প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৬, ০৮:১৮ পিএম
নড়িয়ায় মা ইলিশ রক্ষা অভিযানে কারেন্ট জালসহ আটক ৩ জেলে

সংগৃহীত

রবিউল মোল্লা, শরীয়তপুর জেলা প্রতিনিধি


শরীয়তপুরের নড়িয়ায় মা ইলিশ সংরক্ষণে পরিচালিত অভিযানে নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ শিকারের অভিযোগে তিন জেলেকে আটক করেছে নৌ পুলিশ। এ সময় একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকা ও ১০০ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে।


বুধবার (১১ অক্টোবর) সুরেশ্বর নৌ পুলিশ ফাঁড়ির উদ্যোগে নড়িয়া উপজেলার মুলফৎগঞ্জ এলাকায় পদ্মা নদীতে এ অভিযান পরিচালনা করা হয়।


পুলিশ সূত্রে জানা যায়, মা ইলিশের প্রজনন রক্ষা ও সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নের লক্ষ্যে নদীতে অভিযান চালানো হয়। এ সময় নিষিদ্ধ কারেন্ট জাল ব্যবহার করে মাছ ধরার অভিযোগে তিনজনকে আটক করা হয়।


আটক ব্যক্তিরা হলেন কাজল বেপারী (২২), তাঁর বাবার নাম জিনাল উদ্দিন বেপারী; মো. বিপ্লব (২৭), তাঁর বাবার নাম মাহে আলম দেওয়ান; এবং মো. শফিকুল আলম।


সুরেশ্বর নৌ পুলিশ ফাঁড়ির এএসআই (নিরস্ত্র) মো. নাছির উদ্দিনের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। পরে আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নেওয়া হয়।


এএসআই মো. নাছির উদ্দিন জানান, মা ইলিশ সংরক্ষণ ও সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে পদ্মা নদীতে অভিযান অব্যাহত রয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধ কারেন্ট জাল দিয়ে মাছ শিকার করলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, সুরেশ্বর নৌ পুলিশ ফাঁড়ি তিনজনকে আটক করেছে। বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


এমকে/বিএম২৪