কালিয়াকৈরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ
সংগৃহীত
শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
ফ্যামিলি কার্ড কার্যক্রম সুষ্ঠু ও নির্ভুলভাবে বাস্তবায়নের লক্ষ্যে গাজীপুরের কালিয়াকৈরে মাঠপর্যায়ের তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ও রোববার (১০ ও ১১ অক্টোবর) কালিয়াকৈর উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
প্রশিক্ষণে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের বিভিন্ন দিক, মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের পদ্ধতি, সংগৃহীত তথ্যের সঠিকতা যাচাই এবং দায়িত্ব পালনের বিষয়ে অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ দেওয়া হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এইচ এম ফখরুল হোসাইন। প্রশিক্ষণ কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মিজানুর রহমান।
প্রশিক্ষণে সংশ্লিষ্ট কর্মকর্তা, মাঠপর্যায়ের তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজাররা অংশ নেন।
আয়োজকরা জানান, ফ্যামিলি কার্ড কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়ন এবং উপকারভোগীদের তথ্য নির্ভুলভাবে সংগ্রহ ও যাচাই নিশ্চিত করতে মাঠপর্যায়ের কর্মীদের দক্ষতা বাড়ানোর লক্ষ্যেই এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
এমকে/বিএম২৪









