কলাপাড়ায় এবার ১৭ মণ্ডপে দুর্গাপূজা, প্রতিমা তৈরির কাজ শেষ
সংগৃহীত
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর কলাপাড়ায় হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে ঘিরে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। পৌর শহরসহ উপজেলার ১৭টি পূজামণ্ডপে প্রতিমা তৈরির কাজ শেষ হয়েছে। চলছে প্রতিমায় রঙের শেষ আঁচড়, মণ্ডপ সাজসজ্জা ও আলোকসজ্জার কাজ।
আগামী ১৬ অক্টোবর ষষ্ঠীপূজার মধ্য দিয়ে দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা শুরু হবে। ২১ অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে পাঁচ দিনব্যাপী এ উৎসব। প্রচলিত ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, এবার দেবী দুর্গার আগমন ঘোটকে এবং গমন নৌকায়।
রোববার (১১ অক্টোবর) সরেজমিনে দেখা যায়, পূজার আয়োজকেরা উৎসবের প্রস্তুতি সম্পন্ন করতে ব্যস্ত সময় পার করছেন। পূজামণ্ডপের সাজসজ্জা ও আলোকসজ্জার পাশাপাশি বিভিন্ন দোকানপাট, বাসাবাড়ি এবং অফিস-আদালতে ঘুরে অর্থ সংগ্রহ করছেন আয়োজকেরা। অন্যদিকে, উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মন্দিরগুলোতে খোঁজখবর নেওয়া হচ্ছে এবং নিরাপত্তা তৎপরতা অব্যাহত রয়েছে।
দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের শিশু-কিশোর থেকে শুরু করে বয়োবৃদ্ধরাও নতুন পোশাক কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়েছেন। ক্রেতাদের আনাগোনায় ব্যস্ত সময় পার করছেন স্থানীয় বিপণিবিতান ও পোশাকের দোকানিরা।
উপজেলার ১৭টি পূজামণ্ডপের মধ্যে রয়েছে—শ্রীশ্রী জগন্নাথ আখড়া নাট সার্বজনীন কেন্দ্রীয় মন্দির, চিংগড়িয়া সার্বজনীন দুর্গাপূজামণ্ডপ, বাদুরতলী সার্বজনীন দুর্গামণ্ডপ, কুয়াকাটা রাধাকৃষ্ণ মন্দির ও তীর্থযাত্রী সেবাশ্রম, পাখিমারা সার্বজনীন দুর্গামণ্ডপ, নীলগঞ্জ রাধাকৃষ্ণ সেবাশ্রম ও লোকনাথ মন্দির, চাকামইয়া শান্তিপুর সার্বজনীন পূজামণ্ডপ, ধানখালী নমরহাট সার্বজনীন পূজামণ্ডপ, লতাচাপলী সার্বজনীন কালিমাতা পূজামণ্ডপ, আলীপুর রাধাকৃষ্ণ মন্দির, মম্বিপাড়া সার্বজনীন পূজামণ্ডপ, পশ্চিম চালিতাবুনিয়া ভোলানাথ ভাটবাড়ী পূজামণ্ডপ, মাছুয়াখালী।
এমকে/বিএম২৪









