হে কাবার মালিক, মক্কা-মদিনাকে হেফাজত করো: মিজানুর রহমান আজহারী
ফাইল ছবি
নিজস্ব প্রতিবেদক
সৌদি আরবের পবিত্র নগরী মক্কা ও মদিনায় হামলা এবং সেখানে অবস্থানরত ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন জনপ্রিয় ইসলামি বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী। পবিত্র এই দুই নগরীকে সব ধরনের অনিষ্ট থেকে রক্ষার জন্য আল্লাহর কাছে প্রার্থনা জানিয়েছেন তিনি।
রোববার (১১ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ প্রতিক্রিয়া জানান আজহারী।
পোস্টে তিনি লেখেন, মক্কা ও মদিনা কেবল ভৌগোলিক স্থান নয়; এই দুই নগরী সমগ্র মুসলিম উম্মাহর হৃদয়ের স্পন্দন। পবিত্র এই ভূমিতে হামলা এবং নিরপরাধ ওমরাহযাত্রীদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঘটনা গভীর উদ্বেগজনক ও বেদনাদায়ক।
পবিত্র ভূমির মর্যাদা রক্ষার ওপর গুরুত্ব দিয়ে আজহারী আরও লেখেন, আল্লাহর কাছে বিশেষ মর্যাদাপ্রাপ্ত ভূমির পবিত্রতা ও সম্মান ক্ষুণ্ন করার পরিণতি ভয়াবহ।
পোস্টের শেষাংশে মক্কা-মদিনার নিরাপত্তা ও সুরক্ষা কামনা করে তিনি প্রার্থনা করেন, ‘হে কাবার মালিক! মক্কা-মদিনাকে সব ধরনের অনিষ্ট থেকে হেফাজত করো।’









