আত্মগোপনে থাকা অবস্থায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার মৃত্যু

প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৬, ১১:৪৮ পিএম
আত্মগোপনে থাকা অবস্থায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার মৃত্যু

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক


আত্মগোপনে থাকা অবস্থায় রাজধানীর একটি হাসপাতালে মারা গেছেন কার্যক্রম নিষিদ্ধ গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান। শনিবার দিবাগত রাত সোয়া ১টার দিকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।


মাহবুব আলী খানের বড় ভাই ও সাবেক পৌর কাউন্সিলর আব্দুল জলিল খান তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।


রোববার (১১ অক্টোবর) বাদ জোহর গোপালগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে শহরের গেটপাড়া পৌর কবরস্থানে তাঁকে দাফন করা হয়।


মাহবুব আলী খান পূর্ব পাকিস্তান ছাত্রলীগের মাধ্যমে রাজনীতিতে যুক্ত হন। পরবর্তী সময়ে তিনি কার্যক্রম নিষিদ্ধ গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। ২০২২ সালের ১ ডিসেম্বর তিনি কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন।


২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন এই আওয়ামী লীগ নেতা।


এমকে/বিডিমেইল২৪