শরীয়তপুরে পণ্ডিতসার ফুটবল টুর্নামেন্টের শিরোপা রাহাপাড়া ফ্রেন্ডস ক্লাবের
ছবি: সংগৃহীত
রবিউল মোল্লা, শরীয়তপুর জেলা প্রতিনিধি
শরীয়তপুরের নড়িয়ায় পণ্ডিতসার ফুটবল টুর্নামেন্ট-২০২৬ (সিজন-২)-এর ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে রাহাপাড়া ফ্রেন্ডস ক্লাব। হাড্ডাহাড্ডি লড়াই শেষে টাইব্রেকারে ৬-৫ গোলে পণ্ডিতসার লাকুরিয়া এফসি স্পোর্টিং ক্লাবকে হারিয়ে শিরোপা জেতে দলটি।
শনিবার (১০ অক্টোবর) বিকেল ৪টায় নড়িয়ার পণ্ডিতসার উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। খেলার উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ফারহানা কাদির রহমান।
পণ্ডিতসার ফুটবল একাডেমির আয়োজনে অনুষ্ঠিত এ ফাইনালকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। মাঠে উপস্থিত দর্শকেরা দুই দলের খেলোয়াড়দের নৈপুণ্য উপভোগ করেন।
ফাইনালে পণ্ডিতসার লাকুরিয়া এফসি স্পোর্টিং ক্লাব ও রাহাপাড়া ফ্রেন্ডস ক্লাবের মধ্যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই হয়। নির্ধারিত খেলার পর টাইব্রেকারে ৬-৫ গোলে জয় নিশ্চিত করে রাহাপাড়া ফ্রেন্ডস ক্লাব।
খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। আয়োজকেরা বলেন, স্থানীয় পর্যায়ে ফুটবলের প্রসার এবং তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতেই এ ধরনের টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।









