খাগড়াছড়িতে সাবেক সেনা সদস্যের মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ অনুসন্ধানে পুলিশ
সংগৃহীত
খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ি সদর উপজেলার আরামবাগ এলাকার বায়তুশ সড়কে একটি সিগারেট কোম্পানির স্টোররুম থেকে সাইফুল ইসলাম রিয়াদ নামে এক সাবেক সেনা সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১১ অক্টোবর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা আনুমানিক ৬টা ৫০ মিনিটের দিকে স্টোররুমের জানালার ফাঁক দিয়ে সাইফুল ইসলাম রিয়াদকে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান স্থানীয় লোকজন। পরে বিষয়টি জানাজানি হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে।
নিহত সাইফুল ইসলাম রিয়াদ বাংলাদেশ সেনাবাহিনীর ৪ বেঙ্গল ইউনিটের সাবেক সদস্য ছিলেন। সেনাবাহিনী থেকে অবসর নেওয়ার পর তিনি একটি সিগারেট কোম্পানির স্টোররুমে কর্মরত ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি স্ত্রী মোছা. হোসনেয়ারা লিপি এবং দুই কন্যাসন্তান সাইফা (৪) ও রাইসাকে (২) রেখে গেছেন। তাঁর বাবা মনসুর আহমেদ (৬৫) একজন অবসরপ্রাপ্ত এসএসডি কুক। তাঁর মায়ের নাম লায়লা বেগম। তাঁদের স্থায়ী ঠিকানা কলাবাগান গ্রামে।
পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি ও প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠায়।
প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করা হলেও মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় পুলিশি তদন্ত ও আইনগত কার্যক্রম চলমান রয়েছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এমকে/বিএম২৪









