ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের চেষ্টা চলছে: বিমানমন্ত্রী

প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৬, ০৯:০৭ পিএম
ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের চেষ্টা চলছে: বিমানমন্ত্রী

সংগৃহীত

রাকিবুল ইসলাম, ত্রিশাল প্রতিনিধি


ময়মনসিংহের ত্রিশালে আন্তর্জাতিক মানের বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা নিয়ে কাজ করার কথা জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। এ উদ্যোগ বাস্তবায়িত হলে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে যোগাযোগ, ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ ও কর্মসংস্থানের নতুন সম্ভাবনা তৈরি হতে পারে।


রোববার (১১ অক্টোবর) দুপুরে ময়মনসিংহ সিটি করপোরেশনের উদ্যোগে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ পরিকল্পনার কথা জানান। নগরীর সারিন্দা সবারি রিসোর্টে ‘সৃষ্টি সুখের উল্লাসে’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।


মন্ত্রী বলেন, ময়মনসিংহে একটি আন্তর্জাতিক বিমানবন্দর প্রয়োজন। এ লক্ষ্যে ত্রিশালের মতো স্থানে আন্তর্জাতিক মানের বিমানবন্দর নির্মাণের বিষয়ে তিনি চিন্তাভাবনা করছেন এবং তা বাস্তবায়নের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাঁর এ বক্তব্যের পর অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিরা করতালির মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেন।


অর্থনীতি ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা


ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মিত হলে তা বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখতে পারে। আন্তর্জাতিক যাতায়াতের সুযোগ সম্প্রসারণের পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলের সঙ্গে যোগাযোগব্যবস্থা আরও উন্নত হওয়ার সম্ভাবনা রয়েছে।


বিমানবন্দরকে কেন্দ্র করে উন্নত সড়ক যোগাযোগ, পরিবহন, হোটেল, রেস্তোরাঁ, আবাসন ও বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে উঠতে পারে। এতে দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট হওয়া, শিল্প-বাণিজ্যের প্রসার এবং স্থানীয় তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। কৃষি ও শিল্পপণ্য পরিবহন সহজ হলে এ অঞ্চলের ব্যবসায়ী ও উৎপাদকেরাও উপকৃত হতে পারেন।


এ ছাড়া নেত্রকোণার বিরিশিরিসহ বৃহত্তর ময়মনসিংহের বিভিন্ন পর্যটনকেন্দ্রের বিকাশেও বিমানবন্দরটি সহায়ক হতে পারে। পর্যটকদের যাতায়াত সহজ হলে পর্যটনভিত্তিক ব্যবসা ও সেবামূলক খাত সম্প্রসারণের সুযোগ তৈরি হবে।


বিমানবহর সম্প্রসারণের পরিকল্পনা


অনুষ্ঠানে দেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণের পরিকল্পনাও তুলে ধরেন মন্ত্রী। তিনি জানান, প্রথম ধাপে ৩৫টি উড়োজাহাজ কেনার পরিকল্পনা রয়েছে। ভবিষ্যতে দেশের বিমানবহর ২০০টিরও বেশি উড়োজাহাজে উন্নীত করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। পাশাপাশি আন্তর্জাতিক ফ্লাইট সম্প্রসারণ ও পর্যটনশিল্পের বিকাশে বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন।


ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো. রোকনোজ্জামান রোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, ময়মনসিংহ-৫ আসনের সংসদ সদস্য মো. জাকির হোসেন বাবলু এবং ময়মনসিংহ-৮ আসনের সংসদ সদস্য লুৎফুলাহেল মাজেদ।


অনুষ্ঠানে ময়মনসিংহ সিটি করপোরেশন এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ অর্জনকারী প্রায় ১ হাজার ২০০ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।


এমকে/বিএম২৪