চট্টগ্রামে আত্মসাৎ করা ৯৯ ভরি স্বর্ণের চুড়ি উদ্ধার
সূত্রঃ সংগৃহীত
চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রাম নগরের পাঁচলাইশে একটি জুয়েলার্সের দোকান থেকে আত্মসাৎ করা ৯৯ ভরি ৪ আনা ৫ রত্তি ওজনের ৫৫টি স্বর্ণের চুড়ি উদ্ধার করেছে পাঁচলাইশ মডেল থানা পুলিশ। এ ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, পাঁচলাইশের প্রবর্তক মোড়সংলগ্ন মিমি সুপার মার্কেটের দ্বিতীয় তলায় ‘নিউ কনক বাহার জুয়েলার্স’ নামে একটি প্রতিষ্ঠানে দীর্ঘ ১২-১৩ বছর ধরে সেলসম্যান হিসেবে কাজ করতেন রোমেন দে (৩৬)। গত ১৪ আগস্ট দোকানের মজুদ হিসাব মেলানোর সময় স্বর্ণের অলংকারে অসঙ্গতি ধরা পড়ে। বিষয়টি জানাজানি হলে রোমেন দে কৌশলে দোকান থেকে পালিয়ে যান।
পরে হিসাব মিলিয়ে দেখা যায়, তার দায়িত্বে থাকা সাতটি বক্স থেকে ৫৩টি স্বর্ণের চুড়ি নেই। চুরি হওয়া চুড়িগুলোর পরিবর্তে সেখানে ইমিটেশনের চুড়ি রাখা হয়েছিল। এসব স্বর্ণের চুড়ির ওজন ছিল প্রায় ৯২৭ দশমিক ৫০০ গ্রাম এবং আনুমানিক মূল্য ১ কোটি ৮৮ লাখ ২৯ হাজার ৯০০ টাকা।
এ ঘটনায় ১৫ আগস্ট পাঁচলাইশ মডেল থানায় ৪০৮, ৪২০ ও ৩৪ ধারায় মামলা করেন দোকানের মালিক জনব বিপ্লব বসাক (৫৩)।
মামলার তদন্তে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সহায়তায় ১৮ আগস্ট রাত ২টার দিকে সীতাকুণ্ডের ফৌজদারহাট মহাসড়ক এলাকা থেকে রোমেন দেকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের অনুমতিতে তাকে তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি আত্মসাৎ করা স্বর্ণের চুড়িগুলো বিভিন্ন জুয়েলার্স ও বন্ধকী ব্যবসায়ীর কাছে রাখার তথ্য দেন।
তার দেওয়া তথ্যের ভিত্তিতে ১৯ আগস্ট রাতে বোয়ালখালীর কানুনগোপাড়া এলাকা থেকে শ্যামল সিংহ (৪৭) নামে আরেকজনকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী বাকলিয়ার মিয়াখান নগর রোডের ‘মর্ডাণ ইরানী জুয়েলার্স’ থেকে সাতটি স্বর্ণের চুড়ি উদ্ধার করা হয়।
এরপর শ্যামল সিংহকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে কোতোয়ালী ও বাকলিয়া এলাকার বিভিন্ন জুয়েলার্স এবং বন্ধকী ব্যবসায়ীদের কাছ থেকে আরও স্বর্ণের চুড়ি উদ্ধার করা হয়। একইভাবে রোমেন দের দেওয়া তথ্যের ভিত্তিতেও বাকলিয়া ও চকবাজার এলাকার বিভিন্ন প্রতিষ্ঠান থেকে স্বর্ণের চুড়ি জব্দ করে পুলিশ।
পুলিশের তথ্যমতে, এ মামলায় এখন পর্যন্ত ছয়জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে মোট ৫৫টি স্বর্ণের চুড়ি উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা স্বর্ণের মোট ওজন ১ হাজার ১৫৮ দশমিক ৩৩ গ্রাম, যা ৯৯ ভরি ৪ আনা ৫ রত্তির সমান।
পাঁচলাইশ মডেল থানা পুলিশ জানিয়েছে, উদ্ধার করা স্বর্ণের চুড়িগুলো মামলার আলামত হিসেবে জব্দ করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত অব্যাহত রয়েছে।
এমকে/বিএম২৪









