দিল্লির পরিস্থিতি নিয়ে ঢাকার মূল্যায়ন নেই: শামা ওবায়েদ
সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিরোধীদের চলমান আন্দোলন নিয়ে বাংলাদেশ সরকার কোনো মন্তব্য করতে চায় না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, এটি ভারতের অভ্যন্তরীণ বিষয় এবং ভারত সরকারই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।
সোমবার (১২ অক্টোবর) রাজধানীতে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) আয়োজিত ‘বাংলাদেশের পররাষ্ট্রনীতি: পরিবর্তনশীল বিশ্বে দিক নির্ণয়ের পথরেখা’ শীর্ষক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ভারতের চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং সীমান্তবর্তী এলাকায় বাংলাদেশে পুশ-ইনের চেষ্টার বিষয়ে সরকারের মূল্যায়ন জানতে চাইলে শামা ওবায়েদ বলেন, ‘বাংলাদেশের এখানে মূল্যায়ন আপাতত নেই। এটি ভারতের অভ্যন্তরীণ বিষয়। এটি ভারত সরকারই দেখবে।’
উল্লেখ্য, ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে নয়াদিল্লিতে আন্দোলনের ডাক দিয়েছে বিরোধী দলগুলো এবং তরুণদের রাজনৈতিক আন্দোলন ককরোচ জনতা পার্টি (সিজেপি)। এ পরিস্থিতিতে বাংলাদেশের অবস্থান জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এ মন্তব্য করেন।
এমকে/বিএম২৪








