কালীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুজনের
সংগৃহীত
মোঃ শাহনেওয়াজ, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় শ্যামল রোজারিও (৫৭) ও রোকেয়া বেগম (৪৫) নামে দুজন নিহত হয়েছেন। সোমবার (১২ অক্টোবর) সকালে উপজেলার বিভিন্ন স্থানে এসব দুর্ঘটনা ঘটে।
নিহতদের পারিবারিক সূত্রে জানা যায়, সকালে উপজেলার নাগরী ইউনিয়নের তিরিয়া গ্রামের বাসিন্দা শ্যামল রোজারিও অটোরিকশায় করে কালীগঞ্জ বাজারে যাচ্ছিলেন। পথে সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজের সামনে পৌঁছালে পেছন থেকে একটি দ্রুতগতির ট্রাক তাঁর অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সকাল পৌনে ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, স্বামীর জন্য সকালের নাস্তা নিয়ে যাওয়ার পথে অটোরিকশার সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন রোকেয়া বেগম। পরে তাঁকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ১১টার দিকে তাঁর মৃত্যু হয়। রোকেয়া রূপগঞ্জের খাস পুটিনা গ্রামের আফসার উদ্দিনের স্ত্রী।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মো. ইমরান খান জানান, গুরুতর আহত শ্যামল রোজারিওকে হাসপাতালে আনার পর পরীক্ষা করে মৃত ঘোষণা করা হয়। আর রোকেয়া বেগমকে হাসপাতালে আনার পর উন্নত চিকিৎসার জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেওয়া হয়। তবে রেফার করার কিছুক্ষণ পর তাঁর মৃত্যুর খবর পাওয়া যায়।
এমকে/বিএম২৪








