জি এম কাদেরের উত্তরার বাসায় ভাঙচুর, ইট-পাটকেল নিক্ষেপ
সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের রাজধানীর উত্তরার বাসায় ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে একদল লোক মিছিল নিয়ে গিয়ে তাঁর বাসা লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে বলে অভিযোগ করেছেন তিনি।
জি এম কাদের জানান, মিছিল নিয়ে এসে হামলাকারীরা তাঁর বাসার সামনে হইচই শুরু করে এবং তাঁকে লক্ষ্য করে বিভিন্ন ধরনের স্লোগান দেয়। বাসার প্রধান ফটক বন্ধ থাকায় তারা ভেতরে প্রবেশ করতে পারেনি। পরে বাইরে থেকে বাসা লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে শুরু করে। এতে বাড়ির সামনের জানালাসহ বিভিন্ন স্থানের কাচ ভেঙে যায়।
তিনি আরও বলেন, পরে পুলিশ ও অন্য লোকজন ঘটনাস্থলে পৌঁছালে মিছিলকারীরা চলে যায়। হঠাৎ কেন এ হামলা হয়েছে, তা তিনি জানেন না। হামলাকারীরা তাঁকে ‘ভারত ও আওয়ামী লীগের দালাল’ বলে গালিগালাজ করেছে বলেও অভিযোগ করেন তিনি।
এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর বলেন, হামলায় কারা জড়িত, তা এখনো শনাক্ত করা যায়নি। তবে বাসা লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়েছে। এ ঘটনায় পুলিশ কাজ করছে। এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।
পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার রেজাউল করিম বলেন, হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে পুলিশ পৌঁছানোর আগেই হামলাকারীরা সেখান থেকে চলে যায়।
হামলাকারীদের শনাক্ত করতে চেষ্টা চলছে বলে জানান তিনি।
এমকে/বিএম২৪








