ইকনের পাশে বাগেরহাট জেলা প্রশাসন, জেলা প্রশাসকের আর্থিক সহায়তা
প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট প্রতিনিধি:
এইচএসসি পরীক্ষার্থী ইকনের অসহায় জীবন নিয়ে সংবাদ প্রকাশের পর দেশ-বিদেশের অসংখ্য মানবিক মানুষ তার পাশে দাঁড়িয়েছেন। প্রতিবেদনটি প্রকাশের পর বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান ইকনের চিকিৎসা, লেখাপড়া এবং পরিবারের দুর্দিন কাটিয়ে উঠতে সহায়তার আগ্রহ প্রকাশ করেন।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক গোলাম মো. বাতেন ইকনের হাতে নগদ আর্থিক সহায়তা তুলে দেন। একই সঙ্গে বাগেরহাট সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও নগদ অর্থের পাশাপাশি খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় অন্যান্য সহায়তা প্রদানের আশ্বাস দেওয়া হয়।
সহায়তা প্রদান অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাউদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মৎ আতিয়া খাতুন এবং ইকনের মামা বাবু উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসনের এই সহযোগিতা পেয়ে ইকন ও তার পরিবারের সদস্যরা গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন এবং মানবিক সংবাদ প্রকাশের পর দেশ-বিদেশ থেকে এগিয়ে আসা সকল শুভানুধ্যায়ী ও সহায়তাকারীদের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান।
উল্লেখ্য, গত মঙ্গলবার সকালে ইকনের বাবা ইসরাফিল দাড়িয়া হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৬ বছর। জীবিকার তাগিদে তিনি মোটরসাইকেল চালিয়ে পরিবারের একমাত্র উপার্জনকারী হিসেবে সংসার পরিচালনা করতেন।
পরিবার সূত্রে জানা যায়, ইকনের পৈতৃক বাড়ি গোপালগঞ্জ জেলায়। তার দাদা বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডে গাড়িচালক হিসেবে কর্মরত থাকায় পরিবারটি একসময় বাগেরহাটে বসবাস শুরু করে। চাকরি থেকে অবসরের পর দাদা গোপালগঞ্জে ফিরে গেলেও ইসরাফিল দাড়িয়া বাগেরহাটেই থেকে যান। বর্তমানে ইকন তার মা ও মানসিক ভারসাম্যহীন এক ভাইকে নিয়ে জেলা শহরের একটি ভাড়া বাসায় বসবাস করছে। মাসে চার হাজার টাকা ভাড়া দিয়ে চলা পরিবারটি এখন চরম আর্থিক সংকটের মধ্য দিয়ে দিন পার করছে।
মানবিক সহায়তার এই উদ্যোগ ইকনের শিক্ষা ও পরিবারের দুর্দিন মোকাবিলায় নতুন আশার সঞ্চার করেছে।









