থামছে না নারী-শিশু নির্যাতন, ৭ মাসে ১২ হাজার ৪৪৬ মামলা

প্রকাশিত: ২৪ আগস্ট ২০২৬, ১০:০৪ এএম
থামছে না নারী-শিশু নির্যাতন, ৭ মাসে ১২ হাজার ৪৪৬ মামলা

সূত্রঃ সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক


দেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনা উদ্বেগজনকভাবে অব্যাহত রয়েছে। পুলিশের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম সাত মাসে সারাদেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনায় ১২ হাজার ৪৪৬টি মামলা হয়েছে। অর্থাৎ মাসে গড়ে মামলা হয়েছে ১ হাজার ৭৭৮টি।


পুলিশ সদর দপ্তরের পরিসংখ্যান বলছে, জানুয়ারিতে সারাদেশে ১ হাজার ২৮১টি, ফেব্রুয়ারিতে ১ হাজার ১৮১টি, মার্চে ১ হাজার ৪৮৫টি, এপ্রিলে ২ হাজার ১১টি, মে মাসে ১ হাজার ৯৫২টি, জুনে ২ হাজার ২০০টি এবং জুলাইয়ে ২ হাজার ৩৩৬টি মামলা হয়েছে। একই সময়ে ঢাকা মহানগরে (ডিএমপি) ৮৮৬টি মামলা নথিভুক্ত হয়েছে।


তবে বিশেষজ্ঞরা মনে করছেন, পুলিশের নথিতে থাকা মামলার সংখ্যা নারী ও শিশু নির্যাতনের প্রকৃত চিত্র তুলে ধরে না। সামাজিক চাপ, পারিবারিক বাধা, লোকলজ্জা ও ভবিষ্যৎ নিয়ে শঙ্কার কারণে অনেক ভুক্তভোগী থানায় গিয়ে মামলা করতে চান না। ফলে প্রকৃত ঘটনা আরও বেশি হতে পারে।


এদিকে নারী ও শিশু নির্যাতনের মামলায় বিচারপ্রক্রিয়ার দীর্ঘসূত্রতা নিয়েও উদ্বেগ রয়েছে। বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও ব্র্যাকের যৌথ গবেষণায় দেখা গেছে, এসব মামলায় সাজার হার মাত্র ৩ শতাংশ। বিপরীতে প্রায় ৭০ শতাংশ মামলায় আসামিরা খালাস পাচ্ছেন। একটি মামলা নিষ্পত্তিতে গড়ে প্রায় তিন বছর সাত মাস সময় লাগছে।


বিশেষজ্ঞদের মতে, দুর্বল তদন্ত, সাক্ষী সুরক্ষার অভাব, ফরেনসিক ও ডিএনএ রিপোর্ট পেতে বিলম্ব এবং বিচারপ্রক্রিয়ার দীর্ঘসূত্রতা অপরাধ দমনে বড় বাধা। তাদের মতে, প্রতিটি ঘটনা সমান গুরুত্ব দিয়ে দ্রুত তদন্ত ও বিচার নিশ্চিত করার পাশাপাশি অপরাধ প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়াতে হবে।


নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধন করে বিচারপ্রক্রিয়া আরও দ্রুত ও জবাবদিহিমূলক করার উদ্যোগ নেওয়া হলেও, বিশেষজ্ঞরা বলছেন আইনের কার্যকর প্রয়োগ এবং অপরাধীদের দৃশ্যমান শাস্তি নিশ্চিত করাই এখন সবচেয়ে জরুরি।